ঈদুল আজহা ঘিরে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পরিবারের কোরবানির গরু কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্প্রতি প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে কয়েকটি গরু কেনার খবর ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। এর মধ্যেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন মন্ত্রীর ছেলে সারিয়ান চৌধুরী।
মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সারিয়ান চৌধুরী দাবি করেন, তাদের পরিবারের কোরবানির এই আয়োজন বহু বছরের পুরোনো একটি রীতি। তিনি জানান, শুধু পারিবারিক কোরবানির জন্য নয়, একটি এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের জন্যও প্রতিবছর একাধিক গরু কেনা হয়।
তার ভাষ্যমতে, পরিবারের সদস্যরা মিলে সাধারণত ছয় থেকে আটটি গরু কোরবানি দিয়ে থাকেন। এবারের ঈদেও একই ধারাবাহিকতায় মোট ছয়টি গরু কেনা হয়েছে। বিষয়টিকে অস্বাভাবিকভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সমালোচনার প্রসঙ্গ টেনে সারিয়ান প্রশ্ন রাখেন, তার বাবা একজন মন্ত্রী হওয়ার কারণেই কি পরিবারকে বাড়তি সমালোচনার মুখে পড়তে হচ্ছে? তিনি বলেন, ভবিষ্যতে তার বাবা সরকারি দায়িত্বে না থাকলেও যদি পরিবার একইভাবে কোরবানি দেয়, তখনও কি এ নিয়ে বিতর্ক হবে?
এছাড়া গরুগুলোর মাংস কোথায় যাবে—এমন প্রশ্নের জবাবেও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। সারিয়ান বলেন, কোরবানির পশুগুলো মূলত অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্যই কেনা হয়েছে এবং যথাযথভাবে তাদের কাছেই তা পৌঁছে দেওয়া হবে।
পোস্টের শেষাংশে তিনি আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যের কথা উল্লেখ করে লেখেন, সত্য সম্পর্কে আল্লাহই সর্বাধিক অবগত।
উল্লেখ্য, কোরবানির হাট থেকে বিপুল অর্থে গরু কেনার খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্ত্রী এ্যানিকে নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা চলছিল। ছেলের সাম্প্রতিক এই পোস্টের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
দৈনিক টার্গেট 

























