ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ ও চট্টগ্রাম-২ আসনে বিএনপির দুই প্রার্থীকে ঘিরে চলমান আইনি জটিলতায় নতুন তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আদালত জানিয়েছেন, আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে দায়ের করা পৃথক আপিলের শুনানি আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে ভোটের ফলাফলের গেজেট প্রকাশ এবং শপথ গ্রহণের বিষয়ে বিএনপির দুই প্রার্থীর করা আবেদন আপাতত নথিভুক্ত রাখা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে অংশ নেন বিএনপি নেতা আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন সারোয়ার আলমগীর। তবে আদালতের নির্দেশনার কারণে এই দুই আসনের নির্বাচনী ফল এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
নির্বাচনের আগে হাইকোর্ট পৃথক রায়ে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। পরে একই আসনে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীরা ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। তাদের অভিযোগ ছিল, বিএনপির এই দুই প্রার্থী ঋণখেলাপির শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন।
আপিল বিভাগ চলতি বছরের ৩ ফেব্রুয়ারি জামায়াত প্রার্থীদের আবেদন গ্রহণ করে আদেশ দেন যে, নির্বাচনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ফলাফল প্রকাশ করা যাবে না।
এরপর গত ৩১ মার্চ পৃথক আপিল দায়ের করেন জামায়াতের প্রার্থীরা। পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে ফলাফলের গেজেট প্রকাশ ও শপথের অনুমতি চেয়ে আবেদন করা হয়। এসব আবেদনের শুনানি শেষে আদালত আগামী ৯ জুন চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করেন।
আদালতে শুনানিতে বিভিন্ন পক্ষের হয়ে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবীরা। বিএনপির প্রার্থীদের পক্ষে শুনানিতে ছিলেন আহসানুল করিম, নিহাদ কবির ও মোস্তাফিজুর রহমান খান। অন্যদিকে আপিলকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

দৈনিক টার্গেট 


























