স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের চলমান পরিস্থিতিতে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একটি গোষ্ঠী নানা ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে সমাজে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে, তবে দেশের মানুষ আর কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা চায় না।
শুক্রবার নওগাঁর পতিসর এলাকায় রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয় ও নওগাঁ জেলা প্রশাসন।
বক্তব্যে মন্ত্রী সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে বলেন, দেশের তরুণ প্রজন্মের আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। জনগণ বর্তমান সরকারের কাছে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছে। তিনি অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থাকা স্বৈরাচারী শক্তি দেশের অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে দিয়েছে। সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, শতাব্দী পেরিয়েও রবীন্দ্রনাথের চিন্তা-ভাবনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। পতিসরে অবস্থানকালে কৃষকদের জীবনমান উন্নয়নে তিনি যে উদ্যোগ নিয়েছিলেন, তা বর্তমান সময়েও অনুকরণীয়। কৃষির আধুনিকায়ন, গ্রামীণ অর্থনীতি ও মানবিক মূল্যবোধ গঠনে রবীন্দ্রনাথের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, সাহিত্য, সংগীত ও সংস্কৃতির চর্চা মানুষের মননকে উন্নত করে এবং একটি মানবিক সমাজ গঠনে সহায়তা করে। যারা সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত থাকে, তারা সাধারণত ইতিবাচক মানসিকতার মানুষে পরিণত হয় বলেও মন্তব্য করেন তিনি।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ বারবার গণতন্ত্র ও পরিবর্তনের জন্য সংগ্রাম করেছে। তবে কাঙ্ক্ষিত পরিবর্তন সবসময় বাস্তবায়িত হয়নি। তিনি দেশের স্বাধীনতা যুদ্ধের চেতনা ও জাতীয় পরিচয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশের স্বাধীনতা দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে এবং গণতন্ত্রও আন্দোলনের মাধ্যমেই ফিরে এসেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ। এতে আরও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদারসহ নওগাঁ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

দৈনিক টার্গেট 
























