আজ সোমবার জাতীয় সংসদ ভবনে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় এসপিসিপিডি (স্ট্রেংথেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) প্রকল্পের অধীন মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনাবিষয়ক সাবকমিটির প্রথম বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি মো. হাসান রাজীব প্রধান, এমপির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাশেদা বেগম হীরা, মঈনুল ইসলাম খান, বীথিকা বিনতে হোসাইন, মো. আব্দুল বাতেন, ফাহমিদা হক ও আরিফা সুলতানা, এমপিরা অংশ নেন।
বৈঠকে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং অনিরাপদ গর্ভপাত প্রতিরোধের মাধ্যমে মাতৃত্বকালীন ঝুঁকি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতি মাতৃস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে চাহিদা অনুযায়ী চিকিৎসকদের অবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বাল্যবিবাহের কারণে মাতৃস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ায় এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর কথাও বলেন তিনি। এ ছাড়া মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ দেয় কমিটি।
বাল্যবিবাহ নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম, উঠান বৈঠক, প্রশাসনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চিঠি দেওয়া এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে প্রয়োজন ছাড়া সিজার নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে ল্যাবের কার্যক্রম জোরদার এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপাদান সরবরাহের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে প্রকল্প পরিচালক, ইউএনএফপিএর সংশ্লিষ্ট প্রতিনিধি, অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট 






















