এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বারবার সামনে আসে ইসরায়েলের নাম। ২০১৭ সালে রাখাইনে যখন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছিল এবং কয়েক লাখ রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসছিলেন, ঠিক সেই সময়েও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অস্ত্র নিষেধাজ্ঞা অমান্য করে মিয়ানমারের জান্তা বাহিনীর কাছে সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছিল তেল আবিব।
আইসিজের সাম্প্রতিক এই রায়—যেখানে মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করার পাশাপাশি গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধেও দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলায় নতুন আইনি নজির তৈরি হয়েছে—দুই দেশের সেই পুরোনো সামরিক সম্পর্ক ও জবাবদিহিতার বিষয়টিকে নতুন প্রাসঙ্গিকতা দিয়েছে।
মানবাধিকার সংগঠন এবং মিয়ানমারের সরকারি নথিপত্র অনুযায়ী, মিয়ানমারের সামরিক বাহিনীকে ১০০ টিরও বেশি ট্যাংক, সশস্ত্র টহল নৌকা, আগ্নেয়াস্ত্র এবং আধুনিক নজরদারি সরঞ্জাম বিক্রি করেছিল ইসরায়েল।
আদালতে নথিপত্র গোপন রাখার সরকারি প্রচেষ্টার পরও উন্মুক্ত উৎস (ওপেন সোর্স) থেকে মানবাধিকার কর্মীরা দুই দেশের সামরিক লেনদেনের সুস্পষ্ট প্রমাণ সংগ্রহ করেন:
অস্ত্র চুক্তি ও বিশেষ বাহিনীর প্রশিক্ষণ: পরের বছর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রপ্তানি বিভাগের প্রধান মাইকেল বেন বারুচ মিয়ানমার সফর করে টহল নৌকা বিক্রির চুক্তি স্বাক্ষর করেন। এর পরপরই ইসরায়েলি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ‘টিএআর আইডিয়াল কনসেপ্টস’-এর ওয়েবসাইটে মিয়ানমারের বিশেষ বাহিনীকে (যারা পরবর্তীতে রাখাইন অভিযানে অংশ নিয়েছিল) যুদ্ধকৌশল এবং ইসরায়েলি ‘কর্নার-শট’ বন্দুক চালানোর প্রশিক্ষণ দেওয়ার ছবি প্রকাশিত হয়।
চীনা ড্রোনের মাধ্যম: এ ছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে মিয়ানমারে চীনা ড্রোন ও অস্ত্র পৌঁছানোর গোপন মাধ্যম হিসেবেও ইসরায়েল কাজ করেছিল বলে বিশ্লেষকদের একাংশের প্রতিবেদনে উঠে আসে।
ইসরায়েলি আদালতে গোপনীয়তার দেয়াল ও মানবাধিকার আইনজীবীদের লড়াই
২০১৭ সালে রাখাইনে সহিংসতা চরমে পৌঁছানোর পর ইসরায়েলি মানবাধিকার আইনজীবী ইতাই ম্যাক এবং অ্যাক্টিভিস্টরা মিয়ানমারে অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে ইসরায়েলের সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেন।
এর আগে ইতাই ম্যাক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ও আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘অস্ত্র একবার মিয়ানমারে পাঠিয়ে দেওয়ার পর তা কীভাবে ব্যবহৃত হচ্ছে, তার ওপর ইসরায়েলের কোনো নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু আমরা জানি, রাখাইনে যে বিশেষ বাহিনী অভিযান চালাচ্ছে তাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে ইসরায়েলি প্রতিষ্ঠান।’
তবে ওই সময় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আদালতে দাবি করেছিল, মিয়ানমারে অস্ত্র বিক্রি একটি ‘কূটনৈতিক বিষয়’ এবং এ বিষয়ে আদালতের কোনো এখতিয়ার নেই। শুনানিতে সরকারি আইনজীবীরা রুদ্ধদ্বার বৈঠকের দাবি জানান এবং পররাষ্ট্র সম্পর্কের ক্ষতির অজুহাতে সুপ্রিম কোর্টের তিন বিচারক ওই মামলার রায় প্রকাশের ওপর নিষেধাজ্ঞা (গ্যাগ অর্ডার) জারি করেন—যা কার্যত অস্ত্র বিক্রি অব্যাহত রাখার পথ সুগম করেছিল। এমনকি তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যান পার্লামেন্টে দাবি করেছিলেন যে মিয়ানমারের বিষয়ে ইসরায়েলের নীতি ‘সভ্য বিশ্বের’ সাথেই সামঞ্জস্যপূর্ণ।
বিশ্লেষকদের মতে, মিয়ানমারের সাথে ইসরায়েলের এই সামরিক সম্পর্ক কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না; বরং এটি ছিল দশকের পর দশক ধরে চলা একটি সুনির্দিষ্ট নীতির অংশ। ইসরায়েলি সংবাদপত্র ‘হারেৎজ’-এর অনুসন্ধানী সাংবাদিক জন ব্রাউন (ছদ্মনাম) একে ‘উজি কূটনীতি’ (Uzi diplomacy) হিসেবে অভিহিত করেছেন।
তাঁর মতে, ‘কোনো দেশ সেরা অস্ত্র চাইলে যুক্তরাষ্ট্র বা ইউরোপের কাছে যায়। কিন্তু যখন আর কেউ আপনার কাছে অস্ত্র বিক্রি করবে না, তখন আপনি ইসরায়েলের দ্বারস্থ হন।’
তথ্য অনুযায়ী, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্ত্র রপ্তানি লাইসেন্সের ৯৯ দশমিক ৮ শতাংশ আবেদনই অনুমোদন করে এবং বছরে প্রায় ৪ লাখ অনুমোদন তদারকির জন্য মাত্র হাতেগোনা কয়েকজন কর্মকর্তা থাকেন। মিয়ানমার ছাড়াও গৃহযুদ্ধকবলিত দক্ষিণ সুদান, ১৯৯০-এর দশকে বসনিয়ায় গণহত্যাকারী সার্ব বাহিনী, রুয়ান্ডার হুতু মিলিশিয়া, চিলি, বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা এবং ১৯৭০-এর দশকে আর্জেন্টিনার সামরিক জান্তার কাছে ইসরায়েলি অস্ত্র বিক্রির ইতিহাস নথিভুক্ত রয়েছে। এমনকি আর্জেন্টিনায় ৭০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সময় নিহত ৩০ হাজার মানুষের মধ্যে প্রায় ২ হাজার জন আর্জেন্টাইন ইহুদি থাকা সত্ত্বেও তেল আবিব অস্ত্র সরবরাহ বন্ধ করেনি।
কুইন মেরি ইউনিভার্সিটির ‘ইন্টারন্যাশনাল স্টেট ক্রাইম ইনিশিয়েটিভ’-এর পরিচালক পেনি গ্রিন এবং ইসরায়েলি অ্যাক্টিভিস্ট ওফের নেইম্যানের মতে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে (পশ্চিম তীর ও গাজা) দীর্ঘ সামরিক নিয়ন্ত্রণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইসরায়েলি কোম্পানিগুলো তাদের অস্ত্র ও প্রশিক্ষণকে ‘বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত’ হিসেবে বিশ্ববাজারে বিক্রি করে।
ইসরায়েলের ওপেন ইউনিভার্সিটির গণহত্যা বিষয়ক গবেষক ইয়াইর অরন ২০১৭ সালেই সতর্ক করে বলেছিলেন, মিয়ানমারের মতো শাসকগোষ্ঠীর কাছে অস্ত্র পাঠানো গণহত্যায় মদদ দেওয়ার শামিল।
অস্ত্র সরবরাহকারীদের জবাবদিহিতা: মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা এখন আর কেবল জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের প্রতিবেদন নয়, বরং বিশ্ব আদালতের চূড়ান্ত রায়ে প্রমাণিত সত্য। ফলে যেসব দেশ ও প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা অমান্য করে সেই গণহত্যাকারী বাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছিল, তাদের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর আইনি চাপ আরও জোরালো হতে পারে।
গাজা মামলার সাথে সংযোগ: কাকতালীয়ভাবে, যে আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে, সেই একই আদালতে গাজা যুদ্ধে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধেও দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলা বিচারাধীন (যার চূড়ান্ত শুনানি ২০২৯ সালে হওয়ার কথা)। মিয়ানমারের রায়ে আদালত স্পষ্ট করেছেন, ‘বৈধ সামরিক উদ্দেশ্য’ থাকার পাশাপাশি একটি রাষ্ট্রের ‘গণহত্যার অভিপ্রায়’ থাকতে পারে—যা ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধেও বড় আইনি চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

দৈনিক টার্গেট 

























