আলোচিত দাবিতে ‘Ben-Yehuda’ নামের এক্স অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওটি ২১ লাখ বারের বেশি দেখা হয়েছে। এ ছাড়া ভিডওতে কয়েক হাজারের বেশি রিয়েকশন ও কমেন্ট রয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি যুক্তরাষ্ট্রের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, চিলির কৌতুকশিল্পী লুইস স্লিমিংয়ের ওপর হামলার একটি বাস্তব ভিডিও অবলম্বনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে এটি তৈরি করা হয়েছে। চিলির সংবাদমাধ্যম Cooperativa ১৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, চিলির আরিকা শহরে একটি অনুষ্ঠানে কৌতুকশিল্পী লুইস স্লিমিংয়ের ওপর হামলার ঘটনার ভিডিও ব্যবহার করে এআইয়ের মাধ্যমে একাধিক ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে। এসব ভিডিওতে মূল ঘটনার ব্যক্তিদের পরিবর্তে ভিন্ন ব্যক্তিদের দেখানো হয়েছে।
এ ছাড়া চিলির সংবাদমাধ্যম TVN-এর ১২ নভেম্বর প্রকাশিত আরও একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, দেশটির আরিকা শহরের হোটেল আন্তাইয়ে একটি অনুষ্ঠানে পরিবেশনা করার সময় লুইস স্লিমিংয়ের ওপর এক ব্যক্তি হামলা করেন। এ সময় দর্শকদের মধ্যে থাকা দেশটির তদন্তকারী পুলিশ সংস্থার কর্মকর্তারা হামলাকারীকে আটক করেন। ঘটনার কারণে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।
এ ছাড়া, একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ টুলের বিশ্লেষণেও ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ইঙ্গিত পাওয়া যায়।
চিলির কৌতুকশিল্পী লুইস স্লিমিংয়ের ওপর হামলার ভিডিও অবলম্বনে এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে যুক্তরাষ্ট্রে বোরকা না পরায় এক নারীকে মুসলিম ব্যক্তির আক্রমণের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।
দৈনিক টার্গেট 





















