আজ রোববার (২৯ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য এ পূর্বাভাস কার্যকর থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে ১ ও ২ ডিসেম্বর রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ৩ ডিসেম্বর রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া পরবর্তী পাঁচ দিনের শেষ দিকে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে।
ঢাকা ও আশপাশের আবহাওয়ার আজকের বুলেটিনে বলা হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রোববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আমবাগানে ৩৩ দশমিক ৫ এবং চট্টগ্রামে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস। ডিমলায় ১৩ এবং শ্রীমঙ্গলে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে রোববার সকাল ৬টার আগের গত ২৪ ঘণ্টায় দেশের কোনো আবহাওয়া পর্যবেক্ষণাগারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

দৈনিক টার্গেট 

























