কাউন্সিলের পোর্টালের অনিয়ম ও নিরাপত্তা দুর্বলতা ফাঁস করতে পরীক্ষা হিসেবে মূলত এই কাজ করেছিলেন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার (এনএসইউআই) রাজ্য সহসভাপতি রবি পারমার।
আবেদন প্রক্রিয়ায় ক্যান্ডিডেটের নাম লেখা হয়েছিল ‘DONKEY MPNRC’ (গাধা এমপিএনআরসি)। বাবার নাম দেওয়া হয়েছিল ‘DONKEY FATHER’, মায়ের নাম ‘DONKEY MOTHER’ এবং জাত বা জাতি (caste) বিভাগে নির্বাচন করা হয়েছিল ‘ANIMAL’ (পশু)।
অবাক করার বিষয় হলো, অনলাইন সিস্টেমটি এই অদ্ভুত তথ্যের কোনো যাচাই না করেই তা গ্রহণ করে নেয়। এমনকি নির্ধারিত ২ হাজার ৫০ রুপি আবেদন ফি জমা দেওয়ার পর গত ২৫ সেপ্টেম্বর সিস্টেমটি সফলভাবে একটি ডিজিটাল নার্সিং নিবন্ধন দেয়, যার মেয়াদ ২০৩১ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে।
রবি পারমার জানান, কোনো ভুয়া লাইসেন্স নেওয়ার উদ্দেশে তিনি এটি করেননি। মূলত পোর্টালে সঠিকভাবে তথ্য ভেরিফিকেশন বা ডেটা যাচাইয়ের ব্যবস্থা নেই—তা প্রমাণ করাই ছিল তাঁর উদ্দেশ্য।
গত ১ অক্টোবর তিনি পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করেন এবং প্রয়োজনীয় সব নথিপত্র ও ডিজিটাল প্রমাণাদি পুলিশের হাতে তুলে দেন।
তদন্তকারী কর্মকর্তা রাঘবেন্দ্র সিং শিকারওয়ার জানান, পুলিশ নার্সিং নিবন্ধন কাউন্সিলকে নোটিশ জারি করেছে। যাবতীয় প্রমাণ সংগ্রহ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে কীভাবে ‘পশু’ হিসেবে উল্লেখ করা আবেদনকারী প্রশাসনিক নজর এড়িয়ে লাইসেন্স ও নিবন্ধন পেয়ে গেল, সে বিষয়ে নার্সিং কাউন্সিল এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি।

দৈনিক টার্গেট 



























