সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ জোহর বায়তুল মোকাররমে আয়োজিত এ কর্মসূচিতে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়। দোয়ায় তার জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এ প্রার্থনা করা হয়।
মোনাজাতে দেশের সামগ্রিক শান্তি ও কল্যাণের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমৃদ্ধির জন্যও বিশেষভাবে দোয়া করা হয়। দেশের মানুষের নিরাপত্তা, সুখ ও শান্তি বজায় রাখতে মহান আল্লাহর রহমত কামনা করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেমসহ জাতীয় মসজিদের ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মোনাজাতে খালেদা জিয়ার কবরের শান্তি ও পরকালীন জীবনে আল্লাহর বিশেষ রহমত কামনা করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও দোয়া করা হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকীর কর্মসূচিতে তার আত্মার মাগফিরাত এবং দেশের মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
দৈনিক টার্গেট 




















