দেশে প্রথমবারের মতো অভিবাসনভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’ আয়োজন করা হচ্ছে, যেখানে তরুণ নির্মাতা, শিক্ষার্থী ও আগ্রহী চলচ্চিত্রকারদের জন্য উন্মুক্ত করা হয়েছে অংশগ্রহণের সুযোগ। অভিবাসনের বাস্তবতা, সংগ্রাম, সাফল্য এবং ঝুঁকিপূর্ণ দিকগুলো সৃজনশীলভাবে তুলে ধরতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
১ এপ্রিল থেকে শুরু হওয়া চলচ্চিত্র জমা কার্যক্রম চলবে আগামী ২৫ মে পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল ফোন, ক্যামেরা বা যেকোনো ডিভাইস ব্যবহার করে নির্মিত ফিকশন, অ্যানিমেশন কিংবা ডকুমেন্টারি সব ধরনের চলচ্চিত্র জমা দেওয়া যাবে। তবে প্রতিটি চলচ্চিত্রের কেন্দ্রীয় বিষয় হতে হবে অভিবাসন, এবং এর দৈর্ঘ্য সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
এই উৎসবের মাধ্যমে শুধু প্রবাসজীবনের সাফল্য নয়, বরং মানবপাচার, দালালের প্রতারণা, অবৈধ পথে বিদেশযাত্রার ভয়াবহতা, সমুদ্রপথে জীবনের ঝুঁকি, বিদেশে মানসিক ও সামাজিক সংকট, এমনকি পরিবারের দুর্ভোগের মতো বাস্তব ঘটনাও চলচ্চিত্রে উঠে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম স্থান অধিকারী পাবেন সনি ডিএসএলআর ক্যামেরা ও লেন্স, দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন গো-প্রো ক্রিয়েটিভ কিট এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে গো-প্রো ক্যামেরা। এছাড়া নির্বাচিত নির্মাতাদের সবাইকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, নির্বাচিত চলচ্চিত্রগুলো শুধু উৎসবে প্রদর্শনেই সীমাবদ্ধ থাকবে না; টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে প্রচারের ব্যবস্থাও করা হবে। চলচ্চিত্র মূল্যায়ন প্রক্রিয়া ২৬ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে এবং জুনের দ্বিতীয় সপ্তাহে উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। উৎসবে প্যানেল আলোচনা, নির্মাতাদের সঙ্গে মতবিনিময় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানও অন্তর্ভুক্ত থাকবে।
নতুন নির্মাতাদের দক্ষতা বাড়াতে প্রথম ছয় সপ্তাহ প্রতি শনিবার অনলাইন কর্মশালারও আয়োজন করা হয়েছে। এসব কর্মশালায় গল্প নির্মাণ, পরিকল্পনা, চিত্রনাট্য এবং প্রযুক্তিগত দিক নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়া হবে।
আগ্রহীরা গুগল ফর্ম ও ফিল্মফ্রিওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে চলচ্চিত্র জমা দিতে পারবেন জমা দিতে ক্লিক করুন। বিস্তারিত তথ্যের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘দেশে-প্রবাসে’ ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ উদ্যোগের আওতায় এই আয়োজন বাস্তবায়ন করছে। আয়োজকদের মতে, এই ফিল্ম ফেস্টের মূল উদ্দেশ্য হলো অভিবাসনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা এবং অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

দৈনিক টার্গেট 
























