উত্তর আমেরিকার বাংলা ভাষাভাষীদের জন্য সবচেয়ে প্রতীক্ষিত সাংস্কৃতিক আয়োজন- ‘বাংলা চলচ্চিত্র উৎসব, ডালাস’- এবার অষ্টম বছরে পা রাখছে।
আগামী ১ থেকে ৩ আগস্ট ২০২৫ পর্যন্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের এঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিত হবে এই বহুমাত্রিক আয়োজন।
প্রতি বছরের মতো এবারও উৎসব ঘিরে সাজবে গল্প, গান, সিনেমা ও শিল্পের মিলনমেলা। আয়োজকরা আশা করছেন, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মসহ সকল বাঙালির জন্য এটি হয়ে উঠবে এক অনন্য অভিজ্ঞতা।
উৎসবে প্রদর্শিত হবে বাংলা ভাষায় নির্মিত শ্রেষ্ঠ চলচ্চিত্রসমূহ। থাকছে বাংলাদেশ ও ভারতের জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিনেমার পাশাপাশি উদীয়মান নির্মাতাদের নতুন ও সৃজনশীল কাজ।
দর্শকরা উপভোগ করতে পারবেন নির্মাতা ও অভিনয়শিল্পীদের সাথে সরাসরি আলোচনার সুযোগ। এছাড়া থাকবে গোলটেবিল আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও সেলিব্রিটি অতিথিদের সরব উপস্থিতি।
এবারের উৎসবে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে অনন্য এক উদ্যোগ‘নকশিকাঁথার ছবি’। শত শত বছরের বাঙালি নারীর হস্তশিল্পের নিদর্শন-নকশিকাঁথা-এবার উঠে আসবে ফ্যাশনের র্যাম্পে। আলোর নকশায় ও সংগীতের ছন্দে রঙিন মঞ্চে উঠে আসবে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নিপুণ রূপ।
এই ব্যতিক্রমী উদ্যোগটির পেছনে রয়েছেন ‘সৃজনেরহাট’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. তারেক ইয়াসিন উজ্জ্বল। তিনি বলেন, এবার ফ্যাশন ও সিনেমার মোহনায় গড়ে উঠবে এক নতুন অভিজ্ঞতা। নকশিকাঁথা শুধু অতীতের গল্প নয়, এটি বাঙালি নারীর শিল্প ও আত্মপরিচয়ের এক শক্তিশালী প্রকাশ। এবার তা মঞ্চে হাঁটবে, প্রাণ পাবে নতুন ভাবে। আপনিও হয়ে উঠুন এই ইতিহাসের অংশ।
উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর উপস্থিতি যেমন সিনে-অনুরাগীদের মধ্যে আগ্রহ বাড়াবে, তেমনি শিল্প ও সংস্কৃতির বন্ধনকে করবে আরও দৃঢ়।

উৎসব সম্পর্কে বিস্তারিত জানতে ও অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।
















Leave a Reply