এইচএসসি ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩%
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ (বৃহস্পতিবার) প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে সকাল ১০টায় ফলাফল ঘোষণা করা হয়। এবার সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ এবং ২০২৩ সালে ছিল ৭৮.৬৪ শতাংশ। ফলে এ বছর পাসের হার কমেছে প্রায় ১৯ শতাংশের বেশি, যা সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে নিম্ন।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী ছিলেন।
দেশজুড়ে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। উপস্থিত শিক্ষার্থীদের ফল ‘বাস্তব মূল্যায়ন’ নীতিমালার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে বলে নিশ্চিত করেছে শিক্ষা বোর্ড সূত্র।
ফল জানার নিয়ম
শিক্ষার্থীরা তিনটি উপায়ে নিজেদের ফলাফল জানতে পারবেন-
বোর্ডভিত্তিক ওয়েবসাইট থেকে
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ক্লিক করুন এরপরে “Result” অপশন থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।
সাধারণ ফলাফল ওয়েবসাইট থেকে
শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ক্লিক করুন এরপরে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফলাফল জানা যাবে।
এসএমএসের মাধ্যমে
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে – HSC <Board> <Roll> <Year> এরপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: HSC DHA 123456 2025
পাসের হার কমার কারণ কী?
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক বছরের তুলনায় এবার প্রশ্নপত্র কঠিন হওয়া, উপস্থিতি কম থাকা এবং মূল্যায়ন পদ্ধতির কড়াকড়ি বৃদ্ধিই পাসের হার কমার প্রধান কারণ।
মোট পরীক্ষার্থী: ১২,৫১,১১১ জন
উপস্থিত: প্রায় ১২.২৪ লাখ
পাসের হার: ৫৮.৮৩%
পরীক্ষা কেন্দ্র: ২,৭৯৭টি
পূর্ববর্তী বছর (২০২৪) পাসের হার: ৭৭.৭৮%
বিশেষজ্ঞদের মতে, এ ফলাফল শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন ও বাস্তব মূল্যায়নের প্রতিফলন হলেও শিক্ষার্থীদের মানোন্নয়ন ও প্রস্তুতির ক্ষেত্রে আরও মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে।
