কারিগরি ত্রুটির কারণে পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া চার ঘণ্টা বিঘ্নিত হওয়ায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
আজ শনিবার রাতে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কারিগরি (অনলাইন) ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া বিঘ্নিত হয়। এতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময় ১২ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা বোর্ড সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রত্যাশিত ফল না হওয়ায় পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের (খাতা চ্যালেঞ্জ) জন্য আবেদন করেছেন ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী। তাঁরা মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন চেয়েছেন।
এর আগে গত ৩০ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৯৭৮ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন প্রায় ৫ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থী। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। যা বিগত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর থেকে এবার ২৯ হাজার ১৩ জন শিক্ষার্থী কম জিপিএ-৫ পেয়েছেন। এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৮৪ টি। যা গতবার জিপিএ ৫ পেয়েছিলেন ৭২ হাজার ১৭৬টি।

দৈনিক টার্গেট 



























