• মৃতদের মধ্যে নওগাঁর পাঁচজন এবং নাটোরের দুইজন রয়েছেন

দৈনিক টার্গেট • মৃতদের মধ্যে নওগাঁর পাঁচজন এবং নাটোরের দুইজন রয়েছেন

‘তিন মাস আগেই তো হামার ছাওয়াল অনেক আশা করে, সমিতত থ্যাকে ৫ লাখ ৭০ হাজার টাকা ঋণ করে বিদেশ গেছিল। বিদেশ যাইয়ে কামও পাইছিল। কিন্তু সর্বনাশা আগুনে হামার সব শ্যাষ হয়ে গেল। বুকের ধনটা হামাক রেখে চলে গ্যালো। কিসের আশায়, ক্যামন করে হামরা বাঁচমু? শাহিনের তো দুটা ছোট ছোট সন্তান আছে, এতিম ওগুলা কী খাইবে, তাদেরও বা কী হবে? আর মাথার ওপর এই ঋণের পাহাড়ই বা আমরা কীভাবে শোধ করমু?’
সৌদি আরবে সোফা কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া শাহিনের মরদেহ গতকাল শনিবার বিকেলে নওগাঁর বাড়িতে পৌঁছালে তাঁর মা নার্গিস বেগম আহাজারি করে এসব কথা বলছিলেন।
সৌদি আরবে আগুনে প্রাণ হারানো সাত বাংলাদেশির মরদেহ গতকাল সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিকেলে অ্যাম্বুলেন্সযোগে মরদেহগুলো তাঁদের নিজ নিজ বাড়িতে নেওয়া হয়। মৃতদের মধ্যে নওগাঁর পাঁচজন এবং নাটোরের দুইজন রয়েছেন।
নওগাঁর নিহত পাঁচ প্রবাসী হলেন নওগাঁ পৌরসভার পার-নওগাঁ এলাকার শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার সজিব এবং সাধনগর
গ্রামের সাগর আলী। নাটোরের নিহত দুই প্রবাসী হলেন মোহাম্মদ শামীম ও সাব্বির হোসেন।
অভাব-অনটনের সংসারে সচ্ছলতা ফেরাতে ভিটেমাটি বন্ধক রেখে ও চড়া সুদে ঋণ নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন এই প্রবাসীরা। স্বজনদের চোখে ছিল সচ্ছলতার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন এখন কফিনে ফিরল। আর তাঁদের স্বজনদের কাঁধে চেপে বসেছে চড়া সুদের দেনা।
নিহত মিনহাজের মা পারুল বিবি বলেন, ‘ছেলের লাশটা বুকে জড়াইয়া মনে হইলো, আমার বুকের ভেতরটাও চিরতরে ফাইটা চৌচির হইয়া গেছে।’
নিহত মাসিদুলের বাবা মজনু সরদার বলেন, ‘জীবনের এই শেষ বয়সে এসে এত বড় শোক সহ্য করার শক্তি আমার আর নেই।’
নিহত সাগর আলীর স্ত্রী পারভীন খাতুন বলেন, ‘ঋণের একটা টাকাও শোধ করতে পারলাম না। বাচ্চা দুইটাকে নিয়া এই শূন্য হাতে আমি এখন কার কাছে গিয়ে দাঁড়াব?’
সরকারি সহায়তার বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, নিহতদের মরদেহ দাফনের জন্য প্রত্যেক পরিবারকে আপাতত ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তিন মাস পর ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩ লাখ টাকা করে সরকারি অনুদান দেওয়া হবে।
এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক সহযোগিতা করতে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।
নাটোরের নলডাঙ্গা উপজেলার দুই প্রবাসী মোহাম্মদ শামীম ও সাব্বির হোসেনের মরদেহ গতকাল তাঁদের নিজ বাড়িতে নেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। এদিন বেলা ৩টার দিকে নলডাঙ্গা উপজেলার দিঘিরপাড় গ্রামে শামীম এবং খাজুরা গ্রামে সাব্বিরের মরদেহ নেওয়া হয়। জানাজা শেষে দুজনের মরদেহ খাজুরা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের দাফনের যাবতীয় ব্যয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া
হবে। এই দুই পরিবারের আর কোনো দাবি থাকলে, তাদের সহায়তা দেওয়া হবে।

পরীক্ষকের বাসায় গিয়ে এইচএসসির উত্তরপত্রে দ্বিতীয়বার লেখার সুযোগ পাওয়া রাজশাহীর বেলপুকুর এলাকার আইডিয়াল কলেজের শিক্ষার্থী মেহেদী হাসানের ফলাফল স্থগিত রাখা হয়েছে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তাঁর কোনো ফলাফল দেখা যাচ্ছে না। এ ঘটনায় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে

রামেক হাসপাতালের জনবল ও অবকাঠামোগত সংকটের বিষয়ে বিশেষ সহকারী বলেন, রামেক হাসপাতালে চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবলের সংকট রয়েছে। ২০১৩ সালে হাসপাতালটির শয্যাসংখ্যা ৫৫০ থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো, সে অনুযায়ী প্রয়োজনীয় জনবল নিয়োগ, ভৌত অবকাঠামোর সম্প্রসারণ

রাজশাহীতে একটি পিকআপ ভ্যানে করে পাচারের সময় প্রায় ৫২ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার নাটোর-রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়…