আজ সোমবার বেলা ২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুল হাসান। এ সময় নিহতের পরিবারের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি মেসে পরিকল্পিতভাবে আজমুল হোসেনকে নির্যাতন করা হয়। এ সময় তাঁর মাথার সামনের অংশের চুল কেটে চেহারা বিকৃত করার পাশাপাশি মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর নিহতের বাবা বাদী হয়ে হরিণটানা থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
বাদীপক্ষ জানায়, মামলার পর পুলিশ সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের প্রত্যেকেই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে গত ৩০ সেপ্টেম্বরের পর থেকে প্রায় দেড় মাসে নতুন করে আর কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আইনজীবী কাজী নাজমুল হাসান জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে প্রতাপ সরকার মহানগর দায়রা জজ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন। গতকাল আসামি মো. সুমন ইসলাম ও শেখ আসিফ হাসানের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। বাদীপক্ষের বিরোধিতা এবং ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি বিবেচনায় আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, আজ হাজতি আসামি তারেক হাসান রুবেল ও হাসানাত হাবিব রিফাতের জামিন শুনানির দিন ধার্য থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বাদীপক্ষের অভিযোগ, মামলার এজাহারনামীয় প্রধান আসামি মেহেদী, রিফাত ও সাব্বিরসহ চারজন এখনো গ্রেপ্তার হননি। আসামিদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা রয়েছে। এ ছাড়া এক আসামির বড় ভাই পুলিশ কর্মকর্তা হওয়ায় আসামিদের গ্রেপ্তারে পুলিশ গড়িমসি করছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তাঁরা।
সংবাদ সম্মেলন থেকে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পলাতক চার এজাহারনামীয় আসামিসহ অন্য জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামি প্রতাপ সরকারের অন্তর্বর্তীকালীন জামিন বাতিল, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল তথ্য ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বিশ্লেষণ করে মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের শনাক্ত করে নির্ভুল অভিযোগপত্র দাখিল এবং নিহতের পরিবার ও মামলার সাক্ষীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

দৈনিক টার্গেট 























