অভিযুক্ত গ্রাম পুলিশের নাম আনিচুর রহমান (২৮)। তিনি উপজেলার কটুরাকান্দি গ্রামের নান্নু মোল্যার ছেলে। আনিচুর বুড়াইচ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ হিসেবে কর্মরত। এ ঘটনায় ভুক্তভোগী মো. রমজান মোল্যা অভিযুক্ত আনিচুর রহমান ও তাঁর মামাতো ভাইসহ দুজনের নাম উল্লেখ করে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, ১৩ নভেম্বর বেলা পৌনে একটার দিকে বুড়াইচ পশ্চিমপাড়া এলাকার আছাদ মোল্যার ছেলে রমজান মোল্যার বসতবাড়ির পাশ থেকে একটি খাসি ছাগল চুরি হয়। ছাগলটির আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। চুরির পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন রমজান। একপর্যায়ে পার্শ্ববর্তী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাটে গিয়ে তিনি নিজের ছাগলটি দেখতে পান। সেখানে গ্রাম পুলিশ আনিচুর রহমান ও তাঁর মামাতো ভাই আলামিন মোল্যা (২৫) ছাগলটি বিক্রির চেষ্টা করছিলেন।
পরে হাট কর্তৃপক্ষের সহায়তায় ছাগলটি বিক্রিতে বাধা দেন রমজান। এ সময় উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে আনিচুর ও আলামিনকে গণপিটুনি দেন। পরে হাট কর্তৃপক্ষের মধ্যস্থতায় ছাগলটি উদ্ধার করে প্রকৃত মালিক রমজান মোল্যার জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়।
তবে ছাগল চুরির সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পুলিশ আনিচুর রহমান। তাঁর দাবি, ‘আমার মামাতো ভাই আলামিন রমজানের কাছে টাকা পায়। সেই টাকা না দেওয়ায় সে ছাগলটি নিয়ে বিক্রি করতে চেয়েছিল। আমি শুধু আমার মামাতো ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম।’
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের ভাষ্য, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক টার্গেট 





















