প্রশাসনের ‘অযাচিত হয়রানি’র অভিযোগ তুলে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন-এর সিলেট বিভাগীয় কমিটির নেতারা এক ঘোষণায় জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি উপেক্ষিত থাকায় এবং প্রশাসনিক চাপ বেড়ে যাওয়ায় তারা এই কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত জ্বালানি সরবরাহ বন্ধ রাখার অবস্থান থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন তারা।
সংগঠনের বিভাগীয় সেক্রেটারি হুমায়ূন আহমেদ অভিযোগ করেন, নিয়মিত জরিমানার নামে পাম্প মালিকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে, যা অনেক ক্ষেত্রে ‘চাঁদাবাজি’র রূপ নিচ্ছে। এসব সমস্যার সমাধানে বহুবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি বলেও দাবি করেন তিনি।
হঠাৎ এমন ঘোষণায় সিলেটজুড়ে পরিবহন খাতে অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি সংকট তৈরি হলে গণপরিবহন, পণ্য পরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় সেবায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।
তবে এ বিষয়ে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত সমাধান আসবে কি না, সেটিই এখন দেখার বিষয়।
দৈনিক টার্গেট 





















