আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু।
সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে শেখ হাসিনা প্রবেশ করলেও অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে একই সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাশকতার প্রস্তুতির অভিযোগে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটকের তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, রোববার দিবাগত রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ধোবড়া গ্রামের একটি বাড়িতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। আটক আমিনুল ইসলাম ওই গ্রামের লুৎফল হকের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল ইসলাম নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো মজুত করার কথা স্বীকার করেছেন বলে জানায় বিজিবি।
বিজিবি কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা ককটেল ও হেরোইন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার সন্ধ্যায় আটক আমিনুল ইসলামকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিজিবির অভিযানের পরিসংখ্যান তুলে ধরে অধিনায়ক জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়নের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছেন।
এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

দৈনিক টার্গেট 




















