জানা গেছে, আজ শনিবার ভোরে মেঘনা নদীতে হানিফ মাঝির জালে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে। পরে ইলিশা মাছঘাটে নেওয়ার পর নিলামে মাছটি সাড়ে ১৭ হাজার টাকায় কিনে নেন জামাল কোম্পানি।
মাছটি ঢাকার মোকামে বিক্রির জন্য পাঠানো হবে বলে জানান বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজি। তিনি বলেন, মেঘনা নদী মৎস্যসম্পদের বিশাল ভান্ডার। প্রজনন মৌসুমে মাছকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ এবং ছোট মাছকে বড় হওয়ার সময় দিলে নদীতে বড় মাছের সংখ্যা আরও বাড়বে। এ জন্য মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং মাছের প্রজনন ও বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ইলিশের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকায় জেলেরা এখন সুফল পেতে শুরু করেছেন। কাতল মাছ ছাড়াও জেলেদের জালে বড় আকারের ইলিশ ও পাঙ্গাশ ধরা পড়ছে। নদীতে মাছের উৎপাদন বাড়াতে ভবিষ্যতেও জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

দৈনিক টার্গেট 
























