গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোরের মনিরামপুরের মহিষদিয়া মধ্যপাড়ার মিঠুন ধর (৩২) ও সাতক্ষীরার কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালীর হান্নান গাজী (৬৪)। মিঠুন স্থানীয় পল্লিচিকিৎসক।
সোমবার (৯ নভেম্বর) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, গত ৭ নভেম্বর মনিরামপুরের মহিষদিয়া হেলারঘাট ব্রিজের পাশে মুক্তেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে যশোর সিআইডির কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে গিয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে নিহতের স্বজন ও স্থানীয়দের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত হয়। নিহত রঞ্জন মণ্ডল যশোরের কেশবপুর উপজেলার কালিচরণপুর এলাকার বাসিন্দা।
সিআইডির তদন্তে উঠে আসে, নিহতের স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী আত্মসাতের উদ্দেশে মিঠুন ধর তাঁকে ইনজেকশন পুশ করে হত্যা করেন। পরে লাশ বস্তাবন্দী করে মুক্তেশ্বরী নদীতে ফেলে দেন। হত্যার পর হান্নান গাজীর সহায়তায় সাতক্ষীরার কলারোয়ার ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন তিনি।
ওই সময় যশোর সিআইডির কুইক রেসপন্স টিম কলারোয়া থানা-পুলিশের সহযোগিতায় ভাদিয়ালী গ্রামে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
পরে মিঠুন ধরের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি ও ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে নিহতের ব্যবহৃত স্বর্ণের চেইন, আংটি ও স্মার্টফোন উদ্ধার করা হয়। এ ছাড়া লাশ বহনে ব্যবহৃত মোটরসাইকেল এবং মিঠুনের কাটাখালী বাজারের দোকান থেকে রঞ্জনকে ইনজেকশন দেওয়ার কাজে ব্যবহৃত খালি অ্যাম্পুল উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ভাতিজা দেবাশীষ মণ্ডল বাদী হয়ে ৮ নভেম্বর মনিরামপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় মিঠুন ও হান্নানকে আসামি করা হয়েছে। তাঁদের গত ৮ নভেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

দৈনিক টার্গেট 





















