পিরোজপুরের মঠবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে ছোয়ারাব জোমাদ্দার (৫০)। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজসংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ছোয়ারাব জোমাদ্দার ওই এলাকার মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে যে, শুক্রবার দুপুরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ছোয়ারাব জোমাদ্দার বাড়ির অদূরে ডা. রুস্তম আলী ফরাজি কলেজসংলগ্ন মাঠে থাকা নিজের গরু খুঁজতে যান। মাঠে পৌঁছামাত্রই বজ্রপাতে তিনি ঝলসে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পরে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা মাঠ থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সৌমিত্র সিনহা রায় বলেন, বজ্রপাতের ঘটনায় ছোয়ারাব নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল; কিন্তু হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা যান।
দৈনিক টার্গেট 






















