আজ শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে বাঁশতলা বিওপির অভিযানে শহীদ মিনার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটকদের মধ্যে চারজন মাদারীপুর ও দুজন গোপালগঞ্জ জেলার বাসিন্দা এবং একজন স্থানীয় মাদক পাচারকারী বলে জানিয়েছে বিজিবি। তবে তাঁদের নাম-পরিচয় জানানো হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতে কাজের উদ্দেশে ছিলেন। তবে তাঁরা কীভাবে, কখন ভারতে গেলেন, এর পেছনে শুধুই কাজ নাকি অন্য উদ্দেশ্য—সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে বৃহস্পতিবার রাতে বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছয় বাংলাদেশি নাগরিক ও এক মানবপাচারকারীকে আটক করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমাল রক্ষায় বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

দৈনিক টার্গেট 
























