এ লক্ষ্যে একটি সরকারি নির্দেশনার সারসংক্ষেপ প্রস্তুত করেছে অর্থ মন্ত্রণালয়। শিগগির অর্থ বিভাগের বাজেট-১ শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি হতে পারে। চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের মধ্যে নির্দেশনাটি জারির প্রস্তুতি চলছে। এতে কোন ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে, কোন ক্ষেত্রে ব্যয় সীমিত করতে হবে এবং সরকারি দপ্তরে আপ্যায়নের জন্য কী ধরনের বিধিনিষেধ অনুসরণ করতে হবে, তা নির্দিষ্ট করে দেওয়া হতে পারে।
অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি অর্থের সাশ্রয় এবং অগ্রাধিকারমূলক খাতে ব্যয়ের সুযোগ বাড়াতেই এ উদ্যোগ। যেসব অনুষ্ঠান ও আপ্যায়ন ছাড়াও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা সম্ভব, সেসব ক্ষেত্রে ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি অনুষ্ঠান আয়োজনের আগে তার প্রয়োজনীয়তা ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নেওয়ার নির্দেশনাও থাকতে পারে।
এ বিষয়ে অর্থ বিভাগের একজন অতিরিক্ত সচিব বলেন, ‘সরকারের প্রতিটি টাকা ব্যয়ের ক্ষেত্রে এখন আরও বেশি সতর্ক হতে হচ্ছে। রাজস্ব আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখতে হবে। যেসব খরচ কমানো সম্ভব, সেগুলো কমিয়ে প্রয়োজনীয় ও অগ্রাধিকারমূলক খাতে অর্থের জোগান নিশ্চিত করাই এর লক্ষ্য। আপ্যায়ন ও অনুষ্ঠান আয়োজনের ব্যয়ও সেই বিবেচনায় পর্যালোচনা করা হচ্ছে।’
অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, সরকারি আপ্যায়ন ও অনুষ্ঠান আয়োজনে ব্যয় গত অর্থবছরে আগের বছরের তুলনায় ১১৬ কোটি টাকা বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ব্যয় হয়েছে ৪০১ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে ব্যয় হয়েছিল ২৮৫ কোটি টাকা। তার আগের ২০২৩-২৪ অর্থবছরে এ ব্যয়ের পরিমাণ ছিল ৩৭৫ কোটি টাকা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে ৪৭৫ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ গত অর্থবছরের প্রকৃত ব্যয়ের তুলনায় এবার বরাদ্দ আরও ৭৪ কোটি টাকা বেশি।
ব্যয়ের এই চিত্রের সঙ্গে রাজস্ব আয়ের হিসাব মেলালে সরকারের আর্থিক চাপের বিষয়টি আরও স্পষ্ট হয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিচালন ও অন্যান্য ব্যয়ের জন্য বরাদ্দ রয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা। উন্নয়ন ব্যয় ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা। বিপরীতে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। অর্থাৎ মোট বাজেট ব্যয়ের প্রায় এক-চতুর্থাংশই ঋণ করে মেটাতে হবে সরকারকে। এর ওপর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে ঘাটতি আরও বাড়ার ঝুঁকি রয়েছে। ফলে শুধু নতুন আয় বাড়ানো নয়, বিদ্যমান অর্থের ব্যবহারেও দক্ষতা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
তবে অর্থনীতিবিদদের মতে, আপ্যায়ন ও অনুষ্ঠান আয়োজনের ব্যয় কমানোর উদ্যোগ সময়োপযোগী। তবে শুধু এ ধরনের ছোট ছোট খাতে ব্যয় কমিয়ে সরকারের আর্থিক চাপ মোকাবিলা করা সম্ভব নয়। সরকারি কেনাকাটা, প্রকল্প ব্যয়, গাড়ি ও জ্বালানি ব্যবহার, বিদেশ সফর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়েও কার্যকর নিয়ন্ত্রণ আনতে হবে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আপ্যায়ন-অনুষ্ঠান আয়োজনে ব্যয় কমানোর নতুন উদ্যোগ সরকারের সদিচ্ছার প্রতিফলন। পাশাপাশি বিভিন্ন খাত ও প্রকল্পে অপ্রয়োজনীয় ভবন, বাহন ও ভ্রমণ ব্যয় কমানোর আগের সব নির্দেশনা কতটা কার্যকর সীমার মধ্যে রাখা গেছে, সেটিও পর্যালোচনা জরুরি।’

দৈনিক টার্গেট 



















