ভুক্তভোগী কর্মকর্তা এ এম এম তৌহিদুর রশিদ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক। এ ঘটনায় আজ সন্ধ্যা ৬টার দিকে তিনি কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আজ দুপুরে তৌহিদুর রশিদ সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখায় তাঁর বাবা এস এম হারুনুর রশিদের হিসাব থেকে পাঁচ লাখ টাকা উত্তোলন করেন। পরে মামা তাসনিম উদ্দিনকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
বেলা আড়াইটার দিকে তাঁদের অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার এসে পথ আটকে দেয়। এ সময় গাড়ি থেকে এক ব্যক্তি হাত বাড়িয়ে তৌহিদুর রশিদের কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেন। এরপর দ্রুতগতিতে প্রাইভেট কারটি নিয়ে টাঙ্গাইলের দিকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তৌহিদুর রশিদ জানান, ছিনতাইয়ের পর তিনি পুলিশের জরুরি সেবা নম্বরে ফোন করে বিষয়টি জানান। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

দৈনিক টার্গেট 




























