আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ এক বিষয় নয়। শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধের মামলা ও সাজা থাকলে তাঁকে দেশে ফেরানোর ক্ষেত্রে আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাঁকে ফিরিয়ে আনতে হবে।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। সিপাহি ও জনগণ একসঙ্গে আধিপত্যবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। ৭ নভেম্বরের চেতনা স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা জুগিয়েছে।
তিনি বলেন, ১৯৭১ সালে নয় মাস যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও জনগণের প্রকৃত স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ৭ নভেম্বরের মধ্য দিয়ে নাগরিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়।
রিজভী বলেন, বাংলাদেশের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কারও নির্দেশে পরিচালিত হবে না। জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে। দেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে, একক শাসন নয়।
নারীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নারীরা স্বতন্ত্রভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শুধু কারও স্ত্রী, বোন কিংবা পরিবারের সদস্য হিসেবে নয়; তাঁরা নিজেদের অবস্থান থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। এ সময় অনেক নারী গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ বন্ধ, নারী উদ্যোক্তা তৈরি এবং নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে মহিলা দলকে কার্যকর ভূমিকা রাখতে হবে। নারী উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হলে তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

দৈনিক টার্গেট 






















