স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি বিশ্বাস ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের বেশ কিছু নেতা-কর্মীর বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতা নিহতের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছে। ওই হত্যাকাণ্ডের জেরে ক্ষোভ ও প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।
ওই দুই নেতার মৃত্যুর পর থেকে কালিয়া উপজেলায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম নিহত দুই নেতার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়ে যেভাবে খবর ছড়িয়েছে, তার সবটাই পুরোপুরি সত্য নয়। বিক্ষুব্ধ জনতা কিছু বাড়িতে আগুন দিয়েছে। বাকি বাড়িঘর ২০২৪ সালেই ভাঙচুর করা হয়েছিল।

দৈনিক টার্গেট 























