শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিতাইরচক গ্রামের কয়েকটি বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় মুরব্বিরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশ কয়েকটি টিয়ার শেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। পরে একপর্যায়ে সংঘর্ষ থামে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

দৈনিক টার্গেট 

























