জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গত ৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়।
সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আনোয়ারার কালাবিবির দিঘি থেকে কক্সবাজারের চকরিয়ার ঈদমনি পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্ত করা হবে। বর্তমানে প্রায় ১৮ ফুট প্রশস্ত সড়কের অংশগুলো ৩৪ ফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মোট ব্যয়ের মধ্যে ভূমি অধিগ্রহণের জন্য রাখা হয়েছে ৩৪১ কোটি টাকা। অবশিষ্ট অর্থ সড়ক প্রশস্তকরণ, নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন মহাসড়ক চালু হলে কর্ণফুলী টানেল থেকে কালাবিবির দিঘি, বাঁশখালী, টইটং, পেকুয়া ও মাতামুহুরী হয়ে বদরখালী এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে সরাসরি যাতায়াত সম্ভব হবে।
বর্তমানে মাতারবাড়ীগামী যানবাহনকে টানেল হয়ে আনোয়ারা, শিকলবাহা ওয়াই জংশন, পটিয়া বাইপাস, গাছবাড়িয়া ও চকরিয়া ঘুরে যেতে হয়। নতুন পথ চালু হলে মাতারবাড়ীমুখী যাতায়াতের দূরত্ব আনুমানিক ৪০ থেকে ৪৫ কিলোমিটার এবং সময় প্রায় এক ঘণ্টা কমতে পারে।
বিকল্প সড়কটি ব্যবহার করলে কক্সবাজারগামী যানবাহনের প্রায় ৩০ কিলোমিটার পথ ও ৪৫ মিনিট সময় সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।
সড়ক প্রশস্তকরণের প্রস্তুতি হিসেবে আনোয়ারার কালাবিবির দিঘির মোড় এলাকা থেকে সড়কের দুই পাশের গাছ কাটা শুরু হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ এবং বিদ্যমান অবকাঠামো অপসারণকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বাঁশখালীসহ বিভিন্ন স্থানে সড়কের বাঁক প্রশস্ত করতে অতিরিক্ত জমির প্রয়োজন হবে। ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত শেষ না হলে প্রকল্প বাস্তবায়নে বিলম্বের আশঙ্কা রয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, দরপত্র প্রক্রিয়া শেষে আনোয়ারার কালাবিবির দিঘির মোড় এলাকা থেকে বন বিভাগের মাধ্যমে গাছ কাটার কাজ শুরু হয়েছে। এ কাজ শেষ হলে সড়ক নির্মাণের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
তবে প্রকল্পের কারণে কী পরিমাণ গাছ কাটা পড়বে, সে তথ্য জানাতে পারেননি তিনি।
এস এম মঈন উদ্দীন আজাদ বলেন, পিএবি-টইটং মহাসড়ক বাস্তবায়িত হলে আনোয়ারা থেকে কক্সবাজার পর্যন্ত একটি শক্তিশালী অর্থনৈতিক করিডোর গড়ে উঠবে। এতে টানেলের কার্যকারিতা বাড়বে এবং ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা তুলনামূলক সহজে এ অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণের সুযোগ পাবেন।

দৈনিক টার্গেট 





















