আজ বুধবার দুপুরে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের মাধ্যমে ৬ হাজার ৭১৪টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় ১২ হাজার ৬৭০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া এসব মামলায় ২৮ লাখ ৮৯ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সময়ে নিলাম ও বাজেয়াপ্ত করা হয় ৮০ হাজার ২৩৪ টাকার সম্পদ। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৪১টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে অক্টোবর মাসে ১ হাজার ২৯৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১ হাজার ২৯৭ জনকে আসামি করা হয়। একই সময়ে ৫ হাজার ৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করে ৭ লাখ ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের তাৎক্ষণিক বিচার কার্যক্রমের ফলে মহানগরবাসীর মধ্যে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি অপরাধীদের মধ্যে শাস্তির ভীতি সঞ্চারিত হচ্ছে, যা ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দৈনিক টার্গেট 



















