• এ বছর প্রণোদনা পাননি সবজিচাষি। এরই মধ্যে দরপতন ঘটনায় দুশ্চিন্তা চাষির।

দৈনিক টার্গেট • এ বছর প্রণোদনা পাননি সবজিচাষি। এরই মধ্যে দরপতন ঘটনায় দুশ্চিন্তা চাষির।

সবুজ লতাপাতায় ঢাকা পড়েছে পুরো শিমের মাচা। এই ঘন পাতার ফাঁকে ফাঁকে বেগুনি রঙের শিমফুলের শোভা। কৃষক ব্যস্ত বাগানের পরিচর্যায়।
এ রকম চিত্র এখন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ছেংবিল গ্রামজুড়ে।
গ্রামের বিভিন্ন মাঠে শিমসহ বিভিন্ন সবজির উৎপাদন ভালো হওয়ায় কৃষকের মুখে স্বস্তির ছাপ দেখা যায়। তবে কৃষকেরা বলছেন, সবজি চাষে এ বছর কোনো প্রণোদনা পাননি তাঁরা। এ ছাড়া বাজারে সবজির ব্যাপক দরপতনে তাঁরা অত্যন্ত উদ্বিগ্ন।
ছেংবিল গ্রামের সবজিচাষি মো. জাহাঙ্গীর মিয়া বলেন, তিন কিয়ার (৩০ শতকে এক কিয়ার) জমিতে ‘কিরণমালা’ (লাল শিম) চাষ করেছেন তিনি। শ্রাবণ মাস থেকে এ পর্যন্ত বীজ বপন, হাল চাষ, কীটনাশক, সার প্রয়োগ বাবদ তাঁর প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। তবে সবজি চাষে তিনি কোনো প্রণোদনা পাননি। এ ছাড়া গত বছরের তুলনায় এ বছর সবজির ব্যাপক দরপতন হয়েছে। বর্তমানে কিরণমালা শিম বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে, ১,২০০ টাকা মণ। সাদা শিম বিক্রি হচ্ছে ৬০ টাকা, বেগুন ২৭-২৮ টাকা, শসা ৩০ টাকা কেজিতে। ফলে চাষের খরচ উঠে আসবে কি না, তা নিয়েই এখন চিন্তিত তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে সবজি সবচেয়ে বেশি আবাদ হয় বিশ্বম্ভরপুর উপজেলায়। আবাদের দিক থেকে এর পরের অবস্থানে আছে সুনামগঞ্জ সদর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা। গত বছর জেলায় ৭ হাজার ৬০০ জন সবজিচাষি সার, বীজ, প্রণোদনা সহায়তা পেয়েছিলেন। এ বছর এখন পর্যন্ত কোনো প্রণোদনা দেওয়া হয়নি। অচিরেই দেওয়া হবে, এমন সম্ভাবনাও নেই। এ বছর রবি মৌসুমে সবজি আবাদের লক্ষ্যমাত্রা ১২ হাজার ৭৭১ হেক্টর। এ পর্যন্ত ৬ হাজার ৪৯০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। গত বছর ১২ হাজার ৬১৯ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছিল।
এদিকে জামালগঞ্জ উপজেলা সদরের চাঁনপুর গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, সোনাপুর, চাঁনপুর, মান্নানঘাট, সেলিগঞ্জ, লক্ষ্মীপুর, লালপুর, ভূতিয়ারপুরসহ ১০-১২টি গ্রামের পাঁচ শতাধিক পরিবার সবজি চাষে সম্পৃক্ত। জাহাঙ্গীর আলম বলেন, এ বছর ১৩-১৪ কিয়ার জমিতে সবজি আবাদ করেছেন তিনি। এখন পর্যন্ত দুই লাখের বেশি টাকা খরচ হয়েছে। সবজি চাষে সরকারি সহায়তা কিংবা মাঠপর্যায়ে কৃষি অধিদপ্তর থেকে পরামর্শ ও সহযোগিতা পাচ্ছেন না বলে তাঁর অভিযোগ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, গত মৌসুমে প্রণোদনা হিসেবে সার ও বীজ দেওয়া হয়েছিল। এ মৌসুমে এখন পর্যন্ত কোনো সহায়তা পাওয়া যায়নি। পর্যাপ্ত লোকবল না থাকায় অনেক উপজেলায় মাঠপর্যায়ে চাষিদের পরামর্শ দেওয়া সম্ভব হয় না।

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এয়ারগান, গুলি ও অস্ত্রসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ বুধবার দুপুরে উপজেলার মিনাটিলা সীমান্তের আনারস বাগান এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট সাড়ে ৪ হাজার টাকা জরিমানা এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।