আটক দুজন হলেন—রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান এবং অপর নেতা মশিউর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে মাদারহাট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগে প্রথমে মশিউর রহমানকে আটক করে স্থানীয় জনতা। পরবর্তীতে রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকেও আটক করা হয়। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ জানান, যুবদলের কোনো নেতা–কর্মী মাদক কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলে দল তার দায় নেবে না। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা মাদকসহ দুজনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দৈনিক টার্গেট 





















