দণ্ডবিধির চারটি ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে এই কারাদণ্ড দেওয়া হয়। চারটি ধারায় তাঁকে ভিন্ন ভিন্ন ভাবে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও ২ বছর ২ মাস কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, রায়ে বলা হয়েছে ছদ্মনাম ব্যবহার করে সিপাহী পদে চাকরিকালীন তাঁর উত্তোলিত বেতন-ভাতা সুদসহ হিসাব করে তার সমপরিমাণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে। আর এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারের জমা দেওয়ার জন্য তাঁর স্থাবর ও অস্থাবর যাবতীয় সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী শামীম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। এ কারণে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামি মো. আকবর আলী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সিপাহী।
১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে তৎকালীন বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন সিরাজগঞ্জ সদরের কোনাগাতী গ্রামের মো. মহিরউদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং চৌহালী উপজেলার রেহাই কাউলিয়া গ্রামের মো. আকবর আলী। সে সময় জাহাঙ্গীর আলম অষ্টম শ্রেণি পাসের সনদ ও নাগরিকত্বের সনদ জমা দিয়ে চাকরির জন্য নির্বাচিত হন, কিন্তু পারিবারিক কারণে তিনি যোগদান করেননি। অন্যদিকে আকবর আলী নিয়োগ পরীক্ষায় অযোগ্য বিবেচিত হন।
জাহাঙ্গীর আলমের যোগদান না করার সুযোগটি কাজে লাগিয়ে আকবর আলী তার অগোচরে জাহাঙ্গীর আলমের নাম, বাবার নাম, ঠিকানা ও সনদপত্র ব্যবহার করে প্রতারণামূলকভাবে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরের সিপাহী পদে যোগ দেন। পরবর্তী সময়ে ২০২২ সালের ২৫ মে পর্যন্ত তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
চাকরিকালীন আকবর আলী চাকরিস্থলে তাঁর ঠিকানা পরিবর্তন করেন। ঠিকানার পরিবর্তনের আবেদনে তিনি উল্লেখ করেন তার গ্রামের বাড়ি নদী ভাঙনে বিলীন হয়েছে। কিন্তু দুদকের অনুসন্ধানে দেখা যায় ওই গ্রাম বিলীন হয়নি। দুদক অনুসন্ধানে আরও জানতে পারে, যে জাহাঙ্গীর আলম নাম ধারণ করে আকবর আলী চাকরি করেন, সেই জাহাঙ্গীর আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
দুদকের অনুসন্ধানে আরও দেখা যায়, আকবর আলী তাঁর বিয়ের কাবিননামায়ও জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করে বিয়ে করেছেন।
আসামি আকবর আলী ভুয়া পরিচয়ে বিডিআরে চাকরির বিষয়টি জানার পর প্রকৃত জাহাঙ্গীর আলম বিডিআর মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। পরে দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ৭ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে দুদকের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
তদন্ত শেষে ২০২৪ সালের ১১ এপ্রিল আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

দৈনিক টার্গেট 





















