মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জের বেদগ্রামে ২৩ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী।
তিনি বলেন, ‘গোপালগঞ্জে মোতায়েন করা আট প্লাটুন আনসার সদস্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সমন্বয় সভায় বিভিন্ন বাহিনীর দায়িত্বপূর্ণ এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি, এসআরবিসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন আনসার সদস্যরা।’
দায়িত্ব বণ্টনের বিষয়ে তিনি বলেন, ‘গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় যৌথ টহল পরিচালনা করবেন আনসার সদস্যরা। সদরে বিজিবির সঙ্গে এবং টুঙ্গিপাড়ায় এসআরবির সঙ্গে সমন্বিতভাবে টহল ও অভিযান পরিচালনা করা হবে। এ ছাড়া একটি প্লাটুন বিশ্ববিদ্যালয় এলাকায় এবং অন্য একটি প্লাটুন বিসিক অফিস ও সংলগ্ন এলাকায় স্থায়ী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রয়োজনে তাঁরাও টহল দেবেন।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্তি প্রয়োগের বিষয়ে উপমহাপরিচালক বলেন, ‘সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা জানমালের ক্ষতিসাধনের মতো ঘটনা ঘটলে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সরকারি নীতিমালা অনুসরণ করেই সব কার্যক্রম পরিচালিত হবে।’
আনসার বাহিনীর অভিজ্ঞতা ও সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে দায়িত্ব পালন করে আসছে আনসার বাহিনী। সাম্প্রতিক সময়ে গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাকশিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায়ও বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। গোপালগঞ্জেও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’
এ কার্যক্রম সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন মো. আসাদুজ্জামান গনী।

দৈনিক টার্গেট 























