• পরিচালকের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমে ৬ বছর হচ্ছে।
• এক পরিবারের পরিচালক সংখ্যা তিনজন থেকে কমিয়ে দুজন করার প্রস্তাব।
• ২০ সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালক বাড়িয়ে চারজন করার প্রস্তাব।

দৈনিক টার্গেট • পরিচালকের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমে ৬ বছর হচ্ছে।
• এক পরিবারের পরিচালক সংখ্যা তিনজন থেকে কমিয়ে দুজন করার প্রস্তাব।
• ২০ সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালক বাড়িয়ে চারজন করার প্রস্তাব।

এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। নতুন বিধানে এমন কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে একটি পরিবারের সর্বোচ্চ দুজন সদস্যের বেশি কোনো ব্যাংকের পরিচালক হতে পারবেন না। এমনকি মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের জন্য বন্ধ হচ্ছে ব্যাংকের পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনার দরজা। আবার সীমিত করা হচ্ছে একজন পরিচালকের দায়িত্ব পালনের মেয়াদও। এ প্রক্রিয়ায় বর্তমানে একজন পরিচালকের একটানা দায়িত্ব পালনের মেয়াদও ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের খসড়ায় এসব পরিবর্তন আনা হয়েছে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে খসড়াটি চূড়ান্ত করেছে। এতে ব্যাংকের মালিকানা, পরিচালনা পর্ষদের গঠন, পরিচালক নিয়োগ এবং ঋণ আদায়ের নিয়মেও বেশ কিছু নতুন বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে। দায়িত্বশীল সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ব্যাংকের পরিচালনায় বর্তমানে একটি পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্য ব্যাংকের পরিচালক হতে পারেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের চূড়ান্ত খসড়ায় এ সংখ্যা কমে দাঁড়াবে দুজনে। একই পরিবারের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে পর্ষদে প্রতিনিধিত্বের সুযোগও কমানো হচ্ছে। এ ধরনের প্রতিষ্ঠানের সর্বোচ্চ দুটি প্রতিনিধিত্বের পরিবর্তে একটি রাখার প্রস্তাব রয়েছে।
পর্ষদে রাজনৈতিক প্রভাব ঠেকাতেও সরাসরি নিষেধাজ্ঞা আসছে। নতুন বিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য, সমমর্যাদার সরকারি পদে থাকা ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের কোনো ব্যাংকের পরিচালক হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একইভাবে তাঁদের কারও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হওয়ার সুযোগও থাকবে না। যাঁরা পরিচালক হবেন, তাঁরা কেউ একটানা সর্বোচ্চ ছয় বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। পুনরায় কেউ পরিচালক হতে চাইলে তাঁকে তিন বছর বিরতিতে থাকতে হবে।
ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ২০ সদস্যের পর্ষদে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক থাকতে হয়। নতুন নিয়মে এ সংখ্যা হবে চারজন। আর ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালক রাখতে হবে কমপক্ষে তিনজন। বর্তমানে এ সংখ্যা দুজন। স্বতন্ত্র পরিচালক নিয়োগেও কড়াকড়ি আসছে। কোনো ব্যক্তি গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক বা এর সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলে কিংবা স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক থাকলে তাঁকে স্বতন্ত্র পরিচালক করা যাবে না।
অন্যদিকে ব্যাংকের শেয়ার ধারণের ক্ষেত্রে ব্যক্তি, কোম্পানি বা পরিবারের একক কিংবা সম্মিলিতভাবে ১০ শতাংশের বেশি শেয়ার রাখার বিদ্যমান সীমা বহাল থাকছে। তবে বিশেষ পরিস্থিতিতে কৌশলগত বিনিয়োগকারীদের জন্য এ সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার প্রস্তাব রয়েছে।
সংশোধিত চূড়ান্ত খসড়া আইনে কোনো পরিচালকের পদ শূন্য হলে তাঁর কাছে ব্যাংকের পাওনা আদায়ে শেয়ার সমর্পণের বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। শেয়ার সমর্পণের পরও ঋণের টাকা বাকি থাকলে তা সরকারি পাওনা হিসেবে আদায় করা যাবে। এ ক্ষেত্রে পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুসরণ করতে হবে। এ ধরনের ঋণ পুনঃ তফসিল করে কিংবা অন্য কোনো উপায়ে নিয়মিত করার সুযোগও বন্ধ করার প্রস্তাব রয়েছে। অর্থাৎ পরিচালকের পদ হারানোর পর ঋণ পরিশোধের দায় এড়ানোর সুযোগ আরও সীমিত হবে। এ ছাড়া পর্ষদের অনুমোদন ছাড়া কোনো পরিচালক টানা তিন মাসের বেশি সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। বছরে একবারের বেশি এ ধরনের ছুটি নেওয়ার সুযোগও থাকবে না।
বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলে পরবর্তী সময়ে ব্যাংক পরিচালনার দায়িত্বে কারা থাকবেন এবং কত দিন থাকবেন, তা আরও স্পষ্ট করার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে পর্ষদ ভেঙে দেওয়ার আদেশের দুই বছরের সীমা বহাল থাকছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা ব্যক্তিরা তাঁদের নিয়োগপত্রে নির্ধারিত মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন। মেয়াদ বাড়ানোসহ তাঁদের মোট দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ তিন বছর হতে পারবে। এরপর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা নতুন পরিচালক নির্বাচন করবেন। ব্যাংক পুনর্গঠন, একীভূতকরণ, অবসায়ন বা অধিগ্রহণের সময় বিধিবদ্ধ নগদ ও বিনিময়যোগ্য সম্পদ সংরক্ষণের শর্ত পূরণে ব্যর্থ হলে জরিমানা মওকুফ, বাতিল বা কমানোর ক্ষমতাও বাংলাদেশ ব্যাংককে দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন লাগবে।
ব্যাংক কোম্পানি আইনের বিধান লঙ্ঘনের জন্য আর্থিক শাস্তিও বাড়ানো হচ্ছে। প্রয়োজনীয় তথ্য বা নথি দিতে ব্যর্থ হওয়া কিংবা আইনের বিভিন্ন বিধান অমান্য করার ক্ষেত্রে সর্বনিম্ন জরিমানা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। এ ছাড়া কোনো ব্যাংক তার সংঘস্মারক বা সংঘবিধি পরিবর্তন করতে চাইলে আগে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র নিতে হবে। এ জন্য আইনে নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চ্যালেঞ্জ, ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমে কমপ্লায়েন্স ব্যবস্থা শক্তিশালী করার কৌশলগত দিক সম্পর্কে ধারণা দিতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে কর্মশালার আয়োজন করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

দেশের বাজারে টানা নবম দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, এক বছরের বেশি সময় পর দেশের বাজারে ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকার নিচে নেমে এসেছে।