খিলগাঁওয়ে র্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজধানীর খিলগাঁও এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর পৃথক অভিযানে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যমানের ৪৬০ পিস ইয়াবা উদ্ধার এবং দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গতকাল ২৪ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল প্রায় ৫টা ৫ মিনিটে রামপুরা থানার খিলগাঁও এলাকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে চালানো এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই সক্রিয় মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-
১) শেখ এহসানুল কবির রিংকু (৩০), পিতা: মৃত এস এম শহিদুল্লাহ, ঠিকানা: রাগবপুর, রামগঞ্জ, লক্ষীপুর।
২) শহিদুল ইসলাম রাকিব (৩২), পিতা: মৃত রফিক বন্ধুকসী, ঠিকানা: মহিষাড়, ভেদরগঞ্জ, শরীয়তপুর।
র্যাব জানিয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকসহ দু’জনকে রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এছাড়া রিংকুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি এবং রাকিবের বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
র্যাব-১০ বলছে, মাদক সমাজে সবচেয়ে ভয়াবহ অবক্ষয়ের জন্ম দেয়; এটি তরুণ প্রজন্মকে ধ্বংস করছে ও সামাজিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির ভিত্তিতে র্যাব ভবিষ্যতেও একইভাবে সন্ত্রাস, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান চালিয়ে যাবে।

