দৈনিক টার্গেট

দেশের চেতনায়

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের গৌরবময় সাফল্য: ৩২০ জনের সবার জিপিএ-৫

এসএসসি-২০২৫ পরীক্ষায় আবারও অসাধারণ সাফল্য অর্জন করেছে নরসিংদীর অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ৩২০ জন শিক্ষার্থী-ই জিপিএ-৫ অর্জন করে, যা একটি অনন্য রেকর্ড।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ৩১৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রত্যেকেই সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি ফলাফলের ক্ষেত্রে নজরকাড়া ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এর আগেও একাধিকবার শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে বিদ্যালয়টি।

ফলাফল ঘোষণার পরপরই বিদ্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা হয়ে নাচে-গানে ও মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের আনন্দ প্রকাশ করে। এই আনন্দঘন মুহূর্তে বিদ্যালয়ে উপস্থিত হন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। তিনি শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন এবং বলেন,

“সারা দেশের ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, আমরা দেশসেরা ফলাফল করেছি। এ সফলতা ধরে রাখতে আমরা বদ্ধপরিকর।”

উল্লেখ্য, ২০০৮ সালে নরসিংদী শহরের ভেলানগর এলাকায় আবদুল কাদির মোল্লা ও তাঁর স্ত্রী নাছিমা বেগমের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়টি। মানসম্মত শিক্ষাদানের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি আজ দেশের অন্যতম মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। বর্তমানে এখানে প্রায় ৫,৫০০ শিক্ষার্থী এবং ১৬৪ জন শিক্ষক-কর্মকর্তা রয়েছেন, যাঁরা কঠোর নিয়মশৃঙ্খলার মধ্যে থেকে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে থাকেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, “এই সাফল্যের পেছনে রয়েছে পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা। আমাদের শিক্ষকেরা দিনরাত এক করে ছাত্রছাত্রীদের প্রস্তুত করেছেন। দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ গাইড টিচার, বাড়িতে গিয়ে তদারকি ও বিশেষ ক্লাস পরিচালনার ফলেই এমন অসাধারণ সাফল্য এসেছে।”

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী শেয়শ্রী সরকার বলেন, “শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার জন্যই আমি আজ এই সাফল্য পেয়েছি। মা-বাবার মুখে হাসি ফোটাতে পেরে আমি গর্বিত।”

শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়, যাতে অংশ নেন অভিভাবক, শিক্ষক ও অতিথিরা।

দেশের শিক্ষা খাতে অনুকরণীয় এই সফলতা শুধু নরসিংদীর জন্য নয়, গোটা দেশের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস আবারও প্রমাণ করল যে মানসম্মত শিক্ষা, নিয়মিত তদারকি ও নিবেদিত শিক্ষকমণ্ডলী থাকলে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।