আজ রোববার সকালে ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর আমিন উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, ‘আমার এলাকার মানুষ যেন শান্তিতে থাকে, তা নিশ্চিত করতে হবে। এলাকায় কোনো মদ্যপ থাকলে তাদের নামের তালিকা তৈরি করে থানার ওসিকে দেবেন, একটি কপি আমাকে দেবেন। তাদের জাহান্নামে পাঠিয়ে দেব। সীমান্ত থেকে কিছু লোক মদ ও মাদকদ্রব্য নিয়ে আসে। তাদের ওপর নজর রাখবেন, নাম লিখে রাখবেন। আপনারা প্রতিহত করতে পারলে ভালো। না পারলে তাদের নাম-ঠিকানা আমাদের দেবেন। কাউকে ছাড় দেওয়া হবে না।’
ফেনী-২ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, ‘কোনো গুন্ডার রাজত্ব বাংলাদেশে কায়েম করতে দেওয়া হবে না। দল-মত, জাতি-ধর্মনির্বিশেষে সবার অধিকার সমান। সবাইকে দেশের জন্য কাজ করতে হবে।’
বিদ্যালয়ের নতুন ভবন প্রসঙ্গে জয়নাল আবেদীন বলেন, ‘এটি আমার নিজের এলাকার বিদ্যালয়। দীর্ঘদিন ধরে এখানকার শিক্ষার্থীরা শ্রেণিকক্ষসংকটে ভুগছিল। নতুন ভবন নির্মাণের ফলে সেই সংকট কিছুটা হলেও কমবে। ভবিষ্যতে ভবনটি আরও সম্প্রসারণের সুযোগ রেখেই নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের মাঠ ও দেয়াল সংস্কারসহ বাকি কাজগুলো পর্যায়ক্রমে করা হবে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরীন কান্তা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) দীপ্ত দাশ গুপ্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল।
সহকারী শিক্ষক জীবন কৃষ্ণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি বেলাল হোসেন (ভিপি বেলাল), সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাফিজ আহম্মদ, সংসদ সদস্যের কনিষ্ঠ পুত্র রাশেদ ইকবাল, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দৈনিক টার্গেট 





















