বেলা দেড়টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ৩১৭ জনের মধ্যে ২৭০ জন বাংলাদেশি ও ৪৭ জন রোহিঙ্গা নাগরিক। তাঁদের মধ্যে ২৯৫ জন পুরুষ এবং ১৮ জন নারী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে চার রোহিঙ্গা শিশু রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন এনাম উল্লাহ (৩৬), মো. জোবাইর (৫২), মো. রশিদ (৩৫), আব্দুল্লাহ মন্নান (৪৩), মছিউল্লাহ (৩১), রশিদ উল্লাহ (৩৭) ও ফয়েজ উল্লাহ (৩৫)।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, বাহারছড়ার বড়ডেইল শামুক বিচসংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে একটি ট্রলারে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। এরপর তথ্যের ভিত্তিতে ভোর চারটার দিকে কোস্ট গার্ড স্টেশন শাহপরী, টেকনাফ ও ইনানি এবং আউটপোস্ট বাহারছড়ার সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের দল একটি সন্দেহজনক মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে থামার সংকেত দেয়।
সংকেত অমান্য করে ট্রলারটি দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে বলে কোস্ট গার্ড জানিয়েছে। পরে ধাওয়া করে বড়ডেইল শামুক বিচসংলগ্ন সমুদ্র এলাকায় ট্রলারটি আটক করা হয়। ট্রলারটিতে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩১৭ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সুমন আল মুকিত জানান, কয়েকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকার বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাদের মালয়েশিয়ায় যেতে উদ্বুদ্ধ করে আসছিল। চক্রগুলোর সদস্যরা সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করছিল।
সুমন আল মুকিত বলেন, মানবপাচারের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক টার্গেট 























