আজ শনিবার সরেজমিনে দেখা যায়, হাজারীপল্লিখ্যাত বাল্লা ইউনিয়নের ঝিটকা এলাকার শিকদারপাড়া ও আশপাশের গ্রামগুলোতে খেজুরগাছ প্রস্তুতের কর্মযজ্ঞ চলছে। কারও হাতে দা, কারও হাতে বাটাল। কোমরে দড়ি বেঁধে গাছে উঠে ডালপালা পরিষ্কার, ঝোড়া ছাঁটা ও নলি বসানোর কাজে ব্যস্ত গাছিরা। কয়েক দফা পরিচর্যার পর গাছে বাঁধা হবে মাটির হাঁড়ি। সেখানেই জমবে খেজুরের রস। সেই রস জ্বাল দিয়ে তৈরি হবে লাল গুড়, এরপর তৈরি হবে স্বতন্ত্র বৈশিষ্ট্যের হাজারী গুড়। অন্যদিকে পরিবারের সদস্যরা তৈরি করছেন মাটির চুলা। সংগ্রহ করছেন ধানের খড়সহ গুড় তৈরির প্রয়োজনীয় জ্বালানি ও উপকরণ।
স্থানীয় প্রবীণদের ভাষ্য অনুযায়ী, প্রায় ৩০০ বছর আগে মোহাম্মদ হাজারী নামের এক ব্যক্তি বিশেষ পদ্ধতিতে এ গুড় তৈরি শুরু করেন। তাঁর নামানুসারেই গুড়টির নাম হয় হাজারী গুড়। বংশপরম্পরায় সেই পদ্ধতি অনুসরণ করে আসছেন স্থানীয় গাছি ও কারিগরেরা। সাধারণ খেজুরের গুড়ের তুলনায় হাজারী গুড়ের বিশেষত্ব এর সাদা রং, মসৃণ গঠন, তুলতুলে নরম ভাব ও স্বতন্ত্র স্বাদ। ঐতিহ্যবাহী এ পণ্য দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পরিচিতি পেয়েছে।
দীর্ঘদিনের ঐতিহ্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের স্বীকৃতি হিসেবে চলতি বছরের ১৫ জুন শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ‘মানিকগঞ্জের হাজারী গুড়’কে জিআই পণ্য হিসেবে নিবন্ধন দেয়। এতে স্থানীয় উৎপাদকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
ঝিটকা শিকদারপাড়া গ্রামের গাছি খন্দকার মিজানুর রহমান বলেন, এখন খেজুরগাছের ঝোড়া পরিষ্কারের কাজ চলছে। ধাপে ধাপে গাছ চাছা ও পরিচর্যা করতে হয়। ১৫ থেকে ২০ দিন পর লাল গুড় তৈরি করা সম্ভব হবে। এরপর পর্যায়ক্রমে শুরু হবে কাঙ্ক্ষিত হাজারী গুড় তৈরির কাজ।
তিনি বলেন, ‘হাজারী গুড় আগে থেকেই পরিচিত একটি ব্র্যান্ড। এ বছর জিআই স্বীকৃতি পাওয়ায় আমরা আরও গর্বিত। এই স্বীকৃতির মর্যাদা ধরে রাখতে এবং গুড়ের গুণগত মান অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’
একই গ্রামের গাছি খন্দকার ওহাব উদ্দিন বলেন, আমার দাদা ও বাবা দুজনই হাজারী গুড় তৈরি করতেন। বাবার কাছ থেকেই আমি এ কাজ শিখেছি। প্রায় ২০ বছর ধরে এ পেশায় যুক্ত আমি। এখন গাছ প্রস্তুতের কাজ চলছে। আরও ১৫ থেকে ২০ দিন পর গাছে হাঁড়ি বসানো হবে। প্রথমে রস থেকে তৈরি হবে লাল গুড়। এরপর পর্যায়ক্রমে তৈরি হবে সাদা, মসৃণ ও তুলতুলে হাজারী গুড়। বংশপরম্পরায় চলে আসা এ পেশা ধরে রাখতে হলে গুড়ের স্বকীয়তা রক্ষা করা জরুরি।
হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, হাজারী গুড় প্রায় ৩০০ বছরের ঐতিহ্য বহন করছে। জিআই স্বীকৃতির ফলে এর গুরুত্ব আরও বেড়েছে। উপজেলায় আনুমানিক সাড়ে ৮ হাজার খেজুরগাছ রয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব হবে। গাছিদের উৎপাদন প্রস্তুতিতে কৃষি বিভাগ সহযোগিতা করছে। গাছি ও গাছমালিকদের সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েক দফা মতবিনিময়ও হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার উৎপাদন বাড়বে বলে আশা করছেন তাঁরা।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, জিআই স্বীকৃতি পাওয়ার পর হাজারী গুড়ের ঐতিহ্য ও গুণগত মান রক্ষা করা সবার দায়িত্ব। গুড়ে চিনি কিংবা অন্য কোনো উপাদান মেশানো যাবে না। নির্ধারিত ঐতিহ্যবাহী পদ্ধতি অনুসরণ করেই এটি তৈরি করতে হবে।
তিনি বলেন, উৎপাদনের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা সংগ্রহ করা হয়েছে। গাছিদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। নিয়মিত উৎপাদন কার্যক্রম পরিদর্শন করে গুড়ের মান যাচাই করা হবে। ভেজাল বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় তিন শতাব্দীর ঐতিহ্য পেরিয়ে হাজারী গুড় এখন রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে। স্থানীয় গাছিদের প্রত্যাশা, সঠিক উৎপাদনপদ্ধতি ও গুণগত মান বজায় রাখা গেলে এই স্বীকৃতি তাঁদের পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি ঐতিহ্যবাহী পেশাটিকেও নতুন করে বাঁচিয়ে তুলবে।

দৈনিক টার্গেট 























