শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে সাভার ও আশুলিয়ার প্রায় সব পোশাক কারখানার শ্রমিকেরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হন এবং স্বাভাবিকভাবে কাজ শুরু করেন। তবে আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে ছয়তলা এলাকার মধ্যে ১০টি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ দেননি। তাঁরা কর্মবিরতি পালন করে কারখানার ভেতরে বসে থাকেন। পরে কর্তৃপক্ষ ওই ১০টি কারখানায় বৃহস্পতিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।
অন্যদিকে, শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার বিভিন্ন এলাকায় ১৩(১) ধারায় ২২টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিকেরা জানান, পোশাক কারখানাগুলোয় শুধু ন্যূনতম মজুরি নিয়েই অসন্তোষ নেই, রয়েছে আরও নানা ধরনের সমস্যা। একেক কারখানায় একেক ধরনের সমস্যা থাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। এসব সমস্যার কারণেও কোনো কোনো কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত ছিল। কোথাও কোনো বিক্ষোভের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ১৩(১) ধারায় ২২টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া ১০টি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ দেননি। পরে তাঁরা কারখানা থেকে বের হয়ে যান।

দৈনিক টার্গেট 























