মাগাজি পৌরসভার প্রধান মোহাম্মদ মুসালেহ গতকাল রোববার লন্ডন থেকে প্রকাশিত আল আরব আল–জাদিদ বা দ্য নিউ আরবকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ইয়েলো লাইন’ সম্প্রসারণের অংশ হিসেবে ইসরায়েলি দখলদার বাহিনী শিবিরের ভেতরে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা বাড়িয়েছে। বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা এলাকা এবং শিবিরের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ধ্বংস করে দেওয়া এলাকাগুলো মিলিয়ে মোট আয়তনের প্রায় ৪৫ শতাংশ দখল ও ধ্বংসের আওতায় রয়েছে। এক বছরেরও বেশি সময় আগে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সময় এ পরিমাণ ছিল প্রায় ২০ শতাংশ।
মুসালেহ জানান, ইসরায়েলি বাহিনী শিবিরের ভেতরে প্রায় ১ হাজার ৬০০ মিটার অগ্রসর হয়েছে। পূর্বাঞ্চল পেরিয়ে তারা এখন প্রিপারেটরি স্কুলগুলোর কাছাকাছি পৌঁছে গেছে। এর ফলে বাহিনীটি শিবিরের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থান করছে। এই অগ্রযাত্রার পাশাপাশি আবাসিক এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে।
বাড়িঘর ধ্বংসে ইসরায়েলি বাহিনী নতুন কৌশল ব্যবহার করছে বলেও জানান মাগাজি পৌরসভার প্রধান। তিনি বলেন, রাতের বেলায় বাড়ির ওপর বিস্ফোরকভর্তি বাক্স ফেলে সেগুলোতে বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এতে লক্ষ্যবস্তু বাড়িগুলো সম্পূর্ণ ধ্বংস হওয়ার পাশাপাশি আশপাশের ভবনগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মুসালেহের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক মাসে শিবিরের পূর্ব ও দক্ষিণাঞ্চলে প্রায় ৫০০টি আবাসিক ইউনিট সম্পূর্ণ অথবা আংশিকভাবে ধ্বংস হয়েছে। এটি শিবিরের মোট আয়তনের প্রায় ১০ শতাংশের সমান। বিশেষ করে রাত ১০টার পর প্রায় প্রতিদিনই বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়েছে।
ইসরায়েলি বাহিনীর এসব অভিযান ও বিস্ফোরণের কারণে বাসিন্দারা বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। সম্প্রতি শিবিরের পূর্বাঞ্চল থেকে প্রায় ৩ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া আরও হাজার হাজার বাসিন্দা রাতে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন এবং দিনের বেলায় ফিরে আসছেন। তাদের আশঙ্কা, যেকোনো সময় বাড়িঘরে বোমা হামলা চালানো কিংবা সেগুলো ধ্বংস করে দেওয়া হতে পারে।
মাগাজি পৌরসভার প্রধান বলেন, এসব পরিস্থিতিতে শিবিরের প্রায় ৫ হাজার ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের কেউ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, আবার কেউ বারবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। শিবিরটির মোট জনসংখ্যা প্রায় ৩৫ হাজার। তবে চলমান বোমাবর্ষণ ও গোলাগুলির মধ্যেও অধিকাংশ বাসিন্দা এখনো নিজেদের বাড়িঘরে অবস্থান করছেন বলে জানান মুসালেহ। বিশেষ করে শিবিরের পূর্ব ও দক্ষিণ প্রান্তসংলগ্ন এলাকার বাসিন্দারা এখনো বাড়ি ছাড়েননি।
তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনী প্রতিদিন তল্লাশি অভিযান চালাচ্ছে এবং গুলি ছুড়ছে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এমনকি শিবিরের কেন্দ্রস্থলের এলাকাগুলোতেও অভিযান ও গোলাগুলির কারণে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে। মুসালেহ জানান, ভীতিকর পরিস্থিতির কারণে অনেক পরিবার চলাচল করতেও দ্বিধা করছে। বিশেষ করে প্রিপারেটরি স্কুল এবং বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রগুলোর আশপাশে মানুষের চলাচল সীমিত হয়ে পড়েছে। শিবিরে বাস্তুচ্যুতদের জন্য তিনটি আশ্রয়কেন্দ্র রয়েছে। এর মধ্যে একটি আশ্রয়কেন্দ্রের আশপাশে বোমা হামলা চালানো হয়েছে। এতে বাস্তুচ্যুতদের থাকার জন্য তৈরি প্রায় ৫০টি তাঁবু ধ্বংস হয়ে গেছে।
এদিকে, গত বুধবার ইসরায়েলি দখলদার বাহিনী মধ্য গাজার কয়েকটি এলাকায় সামরিক অভিযান শুরু করে। মধ্য গাজায় এ ধরনের অভিযান এটিই প্রথম। প্রায় ১৪ ঘণ্টা ধরে অভিযান চলে। এ সময় ইসরায়েল দাবি করে, তারা হামাসের একটি সুড়ঙ্গ ধ্বংস করেছে। অভিযান শেষে ইসরায়েলি বাহিনী ওই এলাকা থেকে সরে যায় এবং মধ্য ও দক্ষিণ গাজার সঙ্গে উত্তরাঞ্চলের সংযোগকারী প্রধান সালাহ আল-দিন সড়কটি আবারও খুলে দেওয়া হয়।

দৈনিক টার্গেট 























