আজ রোববার (২২ নভেম্বর) সকালে শিববাড়ি মোড়ের গ্রাফিতিতে এ কালি লেপনের চিত্র দেখা যায়। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে আঁকা দেয়ালের অন্যান্য গ্রাফিতি অক্ষত রয়েছে।
মহানগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে রেলওয়ের সীমানাপ্রাচীর। এ প্রাচীরটিতে জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি ও জুলাই আন্দোলনের কিছু চিত্র আঁকা হয়েছে। প্রতিকৃতির মধ্যে রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত, জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, বিষয়টি তিনি জেনেছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
এর আগে ৬ নভেম্বর এ দেয়ালচিত্রে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে বিকৃত করেছিল দুর্বৃত্তরা। ৭ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়। ২ সপ্তাহের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো কালি মাখানোর ঘটনা ঘটল।

দৈনিক টার্গেট 




















