মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক জানিয়েছেন, গতকাল সকাল ৭টার দিকেও হাসপাতালের কেবিনে ছিলেন তিনি। পরে অক্সিজেনের মাত্রা অনেক কমে যাওয়ায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার পর্যন্ত অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে। শুকুর চিকিৎসার পরবর্তী পদক্ষেপ এবং লাইফ সাপোর্টের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে।
মাতিয়া বানু শুকুর চিকিৎসার ব্যয় নিয়েও উদ্বেগে রয়েছে পরিবার। বর্তমানে যে হাসপাতালে রয়েছেন, সেখানে চিকিৎসার খরচ অনেক বেশি হওয়ায় শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের বিষয়টি ভাবা হচ্ছে। এর আগে গত এপ্রিলে ভারত থেকে চিকিৎসা নিয়ে আসার পর শুকুর জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছিল তাঁর পরিবার।
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ছোট পর্দা ও চলচ্চিত্রে কাজ করছেন। ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’-এর মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন। ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে পেয়েছেন ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

দৈনিক টার্গেট 























