• সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এটি তৈরি করেছে।
• এটি ব্যবহারে অনেক সময় বাঁচবে এবং মামলা নিষ্পত্তি বাড়বে বলে আশাবাদ।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ অনেক দেশে আদালতে এমন সফটওয়্যারের ব্যবহার রয়েছে। বর্তমান প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই সফটওয়্যার তৈরি করেছে। দেশের ২৯টি আদালতে পরীক্ষামূলকভাবে এই সফটওয়্যার ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এটি সঠিকভাবে কাজ করলে পর্যায়ক্রমে সব আদালতে ব্যবহার করা হবে। এটি কার্যকর হলে অনেক সময় বেঁচে যাবে এবং মামলা নিষ্পত্তি বাড়বে। এতে করে বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ‘বিচারিক সহকারী’ সফটওয়্যার ব্যবহার করে বিচারকেরা মৌখিক নির্দেশনার মাধ্যমে সাক্ষ্য গ্রহণ, আদেশ ও রায় লিখতে সক্ষম হবেন। সফটওয়্যারটিতে যেকোনো ধরনের পিডিএফ বা ইমেজ ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তরের সুবিধা থাকবে। এই সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে কারিগরি ত্রুটির সম্মুখীন হলে বা কোনো পরামর্শ থাকলে তা সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (রিসার্চ) আব্দুল্লাহ আল ইউসুফকে জানাতে বলা হয়েছে সংশ্লিষ্ট বিচারকদের।
সুপ্রিম কোর্টে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট, খুলনা ও ময়মনসিংহ জেলার ২৯টি আদালতে আপাতত পরীক্ষামূলকভাবে ‘বিচারিক সহকারী’ সফটওয়্যার ব্যবহার করা হবে। এই সফটওয়্যার ব্যবহারের জন্য ওই ২৯টি আদালতের বিচারকদের শিগগির ব্যবহার নির্দেশিকা, আইডি ও পাসওয়ার্ড সরবরাহ করবে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ২৪ নভেম্বর সংশ্লিষ্ট বিচারকদের প্রশিক্ষণ দেওয়া হবে। সুপ্রিম কোর্ট প্রশাসনের উদ্যোগে অনলাইন সফটওয়্যার (গুগল মিট প্ল্যাটফর্ম) ব্যবহার করে বিচারকেরা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন।
এ বিষয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সাক্ষ্য গ্রহণের সময় অনেকে কম্পিউটার ব্যবহার করেন। অনেকে এখনো হাতে লেখেন, যা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। এই সফটওয়্যার ব্যবহার করে বর্তমানে মোবাইলে লেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিচার বিভাগের জন্য সফটওয়্যারটি আরও উন্নত করা হয়েছে। যেভাবে মামলা বাড়ছে, তার জন্য আরও বিকল্প খোঁজা দরকার। এটিও তার মধ্যে একটি। এটি কার্যকর হলে মামলা নিষ্পত্তি বাড়বে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।
দৃষ্টি আকর্ষণ করা হলে সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ড. শাহজাহান সাজু বলেন, সিদ্ধান্তটি ইতিবাচক। এটি কার্যকর হলে বিচারকদের অনেক কষ্ট কমে যাবে। তবে মামলাজট এতে রাতারাতি কমবে না। মামলাজট কমাতে হলে অধস্তন আদালতে অন্তত ১০ হাজার বিচারক দরকার। অন্যথায় যে হারে মামলা বাড়ছে, এই জট কখনো নিরসন করা সম্ভব হবে না।

দৈনিক টার্গেট 





















