• হোটেল শৈবালের ৩৫ একর জায়গাজুড়ে হবে এই আয়োজন।
• ঝাউবন কাটা নিয়ে পরিবেশকর্মী, স্থানীয় সংসদ সদস্যের ক্ষোভ।
এ ছাড়া ওপেন থিয়েটার জোনে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওপেন লাইব্রেরি অ্যান্ড টেলিস্কোপ জোনে থাকবে বই পড়া এবং রাতের আকাশ পর্যবেক্ষণের সুযোগ। মার্কেট জোনে স্থানীয় এবং ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শন, বিক্রিসহ এক্সিবিশন জোনে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হবে।
এই আয়োজনের জন্য চলছে কর্মযজ্ঞ। গত সোমবার বিকেলে কার্নিভ্যাল প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থাপনা নির্মাণের পাশাপাশি ভাস্কর্য তৈরির কাজ চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, এসব স্থাপনা নির্মাণের জন্য বেশ কিছু ঝাউগাছ কেটে গোড়াসহ উপড়ে ফেলা হয়েছে।
উপকূলীয় অঞ্চলে দুর্যোগ-দুর্বিপাকে ঝাউবন সুরক্ষা দেয় উল্লেখ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কক্সবাজারের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, ‘ঝাউবন হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকতের সৌন্দর্য। কার্নিভ্যাল হোক, তা চাই; কিন্তু বন কেটে কেন করতে হবে?’
ঝাউবন কাটা নিয়ে দুদিন ধরেই চলছে সমালোচনা। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজারের আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘পর্যটনশিল্পের উন্নয়নে বিভিন্ন উৎসব-ইভেন্ট হোক, তা আমরা চাই। কিন্তু ঝাউবন কেটে পরিবেশ ধ্বংস করে উৎসব আয়োজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তবে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, কার্নিভ্যাল আয়োজনের জন্য হোটেল শৈবাল এলাকার কোনো ঝাউগাছ কাটা হয়নি কিংবা বনাঞ্চলের কোনো ক্ষতি করা হয়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামার নিরাপত্তার স্বার্থে এয়ার ফানেল রুটে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে ঝাউগাছের ওপরের অংশ ছেঁটে ছোট করেছে।
এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তুজা হোসাইন বলেন, বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে উড়োজাহাজের ওঠানামার নিরাপত্তার স্বার্থে ঝাউবাগানের কিছু গাছের আগার অংশ কাটা হয়েছে। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কোনো গাছ সম্পূর্ণ কেটে ফেলেনি।
তবে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ বিষয়ে বন বিভাগের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।
এদিকে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠার পর গত সোমবার বিকেলে কার্নিভ্যালের স্থল পরিদর্শনে যায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুর রহমানের নেতৃত্বে বন বিভাগের একটি দল। গত মঙ্গলবার তিনি আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি বিমান চলাচলের নিরাপত্তার স্বার্থে কিছু গাছের আগার অংশ এবং ঝড়ে পড়ে থাকা কিছু গাছ কাটা হয়েছে। কার্নিভ্যালের স্থলে কোনো গাছ কাটা হয়েছে কি না, তা তদন্ত করে দেখছে বন বিভাগ। তিনি আরও জানান, বুধবার জেলা প্রশাসনের সমন্বয়ে একটি দল সরেজমিনে বিষয়টি তদন্ত করে দেখবে।

দৈনিক টার্গেট 





















