নিহতদের কয়েকজন আগুনের মধ্যে আটকা পড়ে ধোঁয়ায় দমবন্ধ হওয়ার সময় বন্ধু ও স্বজনদের ফোন করেছিলেন। আগুন থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করতে গিয়ে তাঁরা ফোনে নিজেদের অসহায় অবস্থার কথা জানান।
স্থানীয় সময় সোমবার ভোর আনুমানিক ৩টা ১৫ মিনিটে ফাংমুয়াং সাই কোর সড়কে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঝড়ের সময় সড়কের পাশের একটি বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হলে আগুনের স্ফুলিঙ্গ মোটরসাইকেল ভাড়ার দোকানের সামনে থাকা কয়েনচালিত জ্বালানি সরবরাহ যন্ত্রে গিয়ে পড়ে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।
প্রথমে আগুন মোটরসাইকেল ভাড়ার দোকানে ছড়িয়ে পড়ে। পরে পাশের আরও চারটি দোকানঘরে আগুন ছড়িয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের প্রায় দুই ঘণ্টা সময় লাগে। পাটংয়ের ডেপুটি মেয়র সানাকর্ন কিসিন জানান, ওই দোকানে ভাড়ায় দেওয়ার জন্য প্রায় ১০০টি মোটরসাইকেল রাখা ছিল। ভবনগুলোতে বসবাসকারী লোকজন ছাদে ওঠার চেষ্টা করার সময় ঘন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে পড়েন।
ফুকেট জনসংযোগ কার্যালয় জানিয়েছে, মোটরসাইকেলের দোকানটিতে পেট্রল ও লুব্রিকেন্টও মজুত করা ছিল। এ ছাড়া দোকানের ওপরের তলাগুলোতে কর্মীরা বসবাস করতেন। নিহত ১১ জনের মধ্যে আটজন নারী ও তিনজন পুরুষ। আহত ১৬ জনের মধ্যে চারজন পুরুষ ও ১২ জন নারী। আহতদের একজন মিয়ানমারের নাগরিক; বাকি সবাই থাইল্যান্ডের নাগরিক।
ফুকেট পুলিশের কমান্ডার পল মেজর জেনারেল সুরাচাই সুকসাই জানান, পুলিশের কাছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, এটি নাশকতামূলক অগ্নিকাণ্ড নয়।
ফুকেটের গভর্নর চোটেনারিন কের্ডসম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ঝড়ের সময় মোটরসাইকেলের দোকানের সামনের একটি বিদ্যুতের খুঁটিতে থাকা সাবস্টেশনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তিনি বলেন, নিহত ব্যক্তিরা সবাই আগুন থেকে বাঁচার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। কারণ, তাদের সঙ্গে নিজেদের ব্যাগও পাওয়া গেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, আগুন থেকে প্রাণে বাঁচার মরিয়া চেষ্টার সময় তারা বন্ধু ও স্বজনদের ফোন করেছিলেন।
গভর্নর আরও জানান, নিহতদের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন ও দমবন্ধ করা ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

দৈনিক টার্গেট 

























