এই অবস্থায় সরকারকে একদিকে উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল রাখতে হচ্ছে, অন্যদিকে বাড়তি অর্থের সংস্থান করতে হচ্ছে। কিন্তু চাইলেই বাড়তি অর্থ জোগাড় করা কঠিন। এই অবস্থায় বাজেট ব্যবস্থাপনা বেশ চাপে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের দ্রুত সমাধান না হলে বিদ্যুৎ, জ্বালানি, কৃষিসহ বিভিন্ন খাতে ভর্তুকির বাড়তি চাহিদা বাজেট ব্যবস্থাপনাকে চাপে ফেলবে। এই পরিস্থিতিতে অতিরিক্ত অর্থের সংস্থান করতে সংশোধিত বাজেটে বরাদ্দ পুনর্বিন্যাস করতে হতে পারে। এতে রাজস্ব আয়, সরকারি ঋণ ও উন্নয়ন ব্যয়ও প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১৫ নভেম্বর পর্যন্ত প্রথম সাড়ে চার মাসেই বিদ্যুৎ, এলএনজি ও কৃষি খাতে ভর্তুকি বাবদ ছাড় হয়েছে ৫১ হাজার ৮০০ কোটি টাকা। এসব খাতে বাজেটে প্রাথমিক বরাদ্দ ছিল ৬০ হাজার ৫০০ কোটি টাকা। অর্থাৎ ভর্তুকি চাহিদা এত বেশি ছিল যে অর্থ মন্ত্রণালয় কঠোর হওয়া সত্ত্বেও অর্থবছরের সাড়ে সাত মাস বাকি থাকতেই এরই মধ্যে বরাদ্দের ৮৫ দশমিক ৬ শতাংশ অর্থ ছাড় করতে বাধ্য হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই পরিস্থিতিতে সরকারের সীমাহীন ব্যয় এবং সীমিত আয় থেকে বাকি সময়ের ভর্তুকি চাহিদা কীভাবে সামলাবেন, বাজেট ব্যবস্থাপনায় সেটিই এখন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে জ্বালানি আমদানিতে। এলএনজি কিনতে চলতি বাজেটে ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও গত ১০ নভেম্বর পর্যন্ত ছাড় হয়েছে ১৯ হাজার ৩০০ কোটি টাকা। অর্থাৎ বরাদ্দের প্রায় তিন গুণ বা ১২ হাজার ৮০০ কোটি টাকা এরই মধ্যে বেশি ব্যয় হয়ে গেছে।
অতিরিক্ত ভর্তুকি চাহিদার বিষয়ে জানতে চাইলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং সরবরাহের অনিশ্চয়তা এই ব্যয়ের প্রধান কারণ। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন এবং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশকে স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে। ইরান যুদ্ধের আগে স্পট মার্কেটে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১১ থেকে ১২ ডলার থাকলেও চলতি বছরের মাঝামাঝি তা ৩০ ডলারে ওঠে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ২০ ডলার হলে আমদানি করা গ্যাসের প্রতি ঘনমিটারে ৬০ টাকার বেশি ভর্তুকি দিতে হয়। দাম আরও বাড়লে সরকারের ব্যয়ও বাড়ে।
কর্মকর্তাদের দাবি, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে পুরো অর্থবছরে শুধু এলএনজি খাতেই মূল বরাদ্দের বাইরে অতিরিক্ত প্রায় ৪১ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।
বিদ্যুৎ খাতেও বাজেটের বরাদ্দের তুলনায় চাহিদা অনেক বেশি। চলতি অর্থবছরে মোট ৩৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দের বিপরীতে সাড়ে চার মাসে ছাড় হয়েছে ২০ হাজার ১০০ কোটি টাকা। তবে পুরো অর্থবছরের জন্য বিদ্যুৎ বিভাগ আগেই ৫৯ হাজার ১৪৫ কোটি টাকার চাহিদা দিয়ে রেখেছে। এর মধ্যে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের (আইপিপি) বিল পরিশোধে ৪৫ হাজার ৪০ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বিদ্যুৎ বিভাগের হিসাবে, এ খাতে পুরো অর্থবছরে শেষ পর্যন্ত ভর্তুকির প্রয়োজন ৫০ হাজার কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
এর পেছনে রয়েছে বিদ্যুৎ কেনা ও বিক্রির দামের ব্যবধান। বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তি অনুযায়ী নির্ধারিত দামে বিদ্যুৎ কিনে বিপিডিবি তা সরকারনির্ধারিত কম দামে বিতরণ কোম্পানির কাছে বিক্রি করে। উৎপাদন ও ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের ব্যবধান ভর্তুকি দিয়ে পূরণ করতে হয় সরকারকে। ফলে জ্বালানির দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বাড়ে, যার বড় অংশ শেষ পর্যন্ত সরকারি কোষাগার থেকে মেটাতে হয়।
গ্যাস-বিদ্যুতের পাশাপাশি কৃষি উৎপাদন সচল রাখতেও বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। চলতি অর্থবছরে কৃষি খাতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে প্রথম সাড়ে চার মাসেই ছাড় হয়েছে ১২ হাজার ৪০০ কোটি টাকা। কৃষকের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সার, বীজ ও সেচে এই সহায়তা দেওয়া হয়। বিশেষ করে আমদানি করা সারের ক্রয়মূল্য এবং কৃষকের কাছে সরকারনির্ধারিত বিক্রয়মূল্যের ব্যবধান ভর্তুকি দিয়ে পূরণ করতে হয়।
দেশে রাসায়নিক সারের চাহিদা ও উৎপাদন সক্ষমতার বড় ব্যবধানও এই খাতের ব্যয় বাড়াচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের মোট চাহিদা ধরা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার টন। বিপরীতে দেশীয় উৎপাদন সক্ষমতা মাত্র ১২ লাখ টন। ফলে চাহিদা পূরণে বিদেশ থেকে ৪৬ লাখ ৫ হাজার টন সার আমদানি করতে হবে। আন্তর্জাতিক বাজারে সারের দাম ও পরিবহন ব্যয় বাড়লে এই আমদানির জন্য সরকারের ব্যয়ও বেড়ে যায়।
কৃষিসচিব মো. সেলিম খান আজকের পত্রিকাকে বলেন, দেশের কৃষিতে সাধারণত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত উৎপাদনের ভরা মৌসুম। এ সময়ে বোরো, আউশ ও আমন ধান ঘরে ওঠে, পাশাপাশি রবিশস্যের চাষাবাদ শুরু হয়। ফলে সারসহ কৃষির অন্যান্য উপকরণের চাহিদা বাড়ে, যার প্রভাব পড়ে ভর্তুকির ওপর। ডিসেম্বরের পর এই চাহিদা তেমন থাকে না। তবে পরিস্থিতির পরিবর্তনে অতিরিক্ত ভর্তুকির প্রয়োজন হলে সংশোধিত বাজেটে তা চাওয়া হবে।
ভর্তুকির চাহিদা বাড়লেও সব খাতে সরকার একইভাবে ব্যয় বাড়াতে চাইছে না। পেট্রোলিয়ামজাত পণ্যে নতুন করে ভর্তুকি দেওয়ার পরিকল্পনা আপাতত নেই। বরং গত ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে। এতে ডিজেলের দাম হয়েছে ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা। অর্থাৎ কিছু জ্বালানির বাড়তি ব্যয় সরাসরি ভোক্তার ওপর চাপিয়ে দিয়ে সরকার ভর্তুকির চাপ কমানোর চেষ্টা করছে। তবে বিদ্যুৎ, গ্যাস ও কৃষিতে ভর্তুকি কমানোর সুযোগ সীমিত। কারণ, এসব খাতে সহায়তা কমালে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানায় জ্বালানি সরবরাহ এবং কৃষকের উৎপাদন ব্যয় সরাসরি প্রভাবিত হতে পারে। ফলে সরকারকে একদিকে উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল রাখতে হচ্ছে, অন্যদিকে বাড়তি অর্থের সংস্থান করতে হচ্ছে।
অর্থ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ, গ্যাস ও সার খাতে ভর্তুকির বাড়তি চাহিদা তৈরি হয়েছে। বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাস, ফার্নেস অয়েল ও কয়লার দাম বেড়েছে। একই সঙ্গে ডলারের বিপরীতে টাকার মান কমায় আমদানি ব্যয়ও বেড়েছে। ফলে জনস্বার্থ ও ব্যয়ের অগ্রাধিকার বিবেচনায় শেষ পর্যন্ত কয়েকটি মন্ত্রণালয়ের অনুকূলে অতিরিক্ত অর্থের চাহিদা সংশোধিত বাজেটে সমন্বয় করতে হতে পারে।

দৈনিক টার্গেট 
























