তবে যুক্তরাষ্ট্র জেলেনস্কির এই মন্তব্যের সত্যতা নিশ্চিত করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, অনেক ধারণা নিয়েই আলোচনা অব্যাহত রয়েছে, তবে যেকোনো চূড়ান্ত চুক্তিতে অবশ্যই উভয় পক্ষকে সম্মত হতে হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মার্কিন দূতদের পৃথক বৈঠকের পর ইউক্রেনীয় নেতার পক্ষ থেকে এই মন্তব্য এলো।
শনিবার (১৪ নভেম্বর) প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছে: যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেয় তবে কী হবে? ইউক্রেন কি দনবাস থেকে সরে আসবে? এই প্রথমবারের মতো বিষয়টি তোলা হলো।’
তিনি আরও জানান, যদি এমন কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আসে যেখানে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা থাকবে, দেশটির সামরিক বাহিনীর ওপর কোনো বিধিনিষেধ থাকবে না এবং দেশ পুনর্গঠনের জন্য তহবিলের ব্যবস্থা থাকবে, তবে তিনি বিষয়টি জনগণের মতামতের জন্য গণভোটে (রেফারেন্ডাম) দেবেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ নভেম্বর) মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ মস্কোতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দফা বৈঠকের পর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গিয়ে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।
জেলেনস্কির এই মন্তব্য প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন দূত জ্যারেড কুশনার ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ দেওয়ার যেকোনো প্রস্তাবের বিষয়টি পরোক্ষভাবে নাকচ করেছেন। তিনি একটি সংবেদনশীল প্রক্রিয়ায় ‘গোপনীয়তা’ বজায় রাখার আহ্বান জানান।
কিয়েভের প্রতি কিছুটা অসন্তোষের সুরে কুশনার বলেন, আলোচনা থেকে কিছু ‘চরমপন্থী’ (ম্যাক্সিমালিস্ট) প্রস্তাব এবং ‘কঠোর রাজনৈতিক বক্তব্য’ সংবাদমাধ্যমে এসেছে। তিনি জানান, এই ‘ভয়াবহ যুদ্ধ’ অবসানের নতুন উপায় খুঁজতেই ‘ব্যক্তিগত পর্যায়ে আলোচনা’ চলছিল।
বিশ্লেষকদের মতে, মার্কিন দূতরা হয়তো দনবাসের অধিকৃত ভূখণ্ডের বিষয়ে ইউক্রেনের চূড়ান্ত মনোভাব বা ‘রেড লাইন’ যাচাই করার চেষ্টা করছিলেন। অন্যদিকে, জেলেনস্কি সম্ভবত ইউরোপীয় নিরাপত্তার আলোচনায় ঝুলে যাওয়া ন্যাটো সদস্যপদের বিষয়টি পুনরায় এজেন্ডায় ফিরিয়ে আনতেই এটি জনসমক্ষে এনেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বর্তমানে দনবাস শিল্পাঞ্চলের বেশিরভাগ অংশসহ ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড মস্কোর দখলে রয়েছে। জেলেনস্কি বরাবরই বলে আসছেন, ইউক্রেন তার সার্বভৌম ভূখণ্ড ছাড়তে রাজি নয়।
অন্যদিকে, পুতিন ও ক্রেমলিন কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে যুদ্ধের বিষয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। মস্কো বরাবরই শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করা, ভূখণ্ড ছেড়ে দেওয়া এবং কিয়েভের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। এমনকি দনবাসের যে অংশ রুশ সেনারা এখনো দখল করতে পারেনি এবং ২০১৪ সালে অবৈধভাবে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের ওপর ইউক্রেনের দাবি ছেড়ে না দেওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে জানিয়েছে রাশিয়া।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ছাড়াও ন্যাটোর অন্য সদস্য দেশগুলো ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং মস্কো এটিকে সরাসরি নিজেদের সীমান্তে অগ্রহণযোগ্য হুমকি হিসেবে দেখে।
সাম্প্রতিক সময়ে রাশিয়ার ভেতরে তেল স্থাপনাগুলোতে ইউক্রেনের হামলা নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছিল। বিশ্ববাজারে জ্বালানির দাম কমাতে রুশ ডিজেল সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ওই হামলা সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করেছিলেন।
এর পরিপ্রেক্ষিতে জেলেনস্কি অভিযোগ করেন, মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের সামরিক অভিযানে ব্যবহৃত স্টারলিংক ইন্টারনেট সেবা সীমিত করে দিচ্ছেন। অন্যদিকে, ট্রাম্প ইউক্রেনে নতুন নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে মন্তব্য করেন, ‘ইউক্রেনের জন্য নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।’
সামরিক আইন জারি থাকায় ইউক্রেনে বর্তমানে নির্বাচন স্থগিত রয়েছে। তবে জেলেনস্কি আগে জানিয়েছিলেন, শান্তি চুক্তি অর্জিত হলে কয়েক মাসের মধ্যেই তিনি নির্বাচন দিতে প্রস্তুত এবং ন্যাটো সদস্যপদের বিনিময়ে প্রেসিডেন্টের পদ ছেড়ে দিতেও তাঁর আপত্তি নেই।

দৈনিক টার্গেট 


























