নিহত রমজান আলী সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকার চান্দু মিয়ার ছেলে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকার নূর মোহাম্মদ (২২) ও আশিকের (১৮) মধ্যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক বাঁশের লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এর জের ধরে ওই দিন দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে একই এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে চেয়ারে বসে থাকা নূর মোহাম্মদের বড় ভাই রমজান আলীর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আশিক ও তাঁর বাবা ছানোয়ার হোসেন (৪৮) বাঁশের লাঠি দিয়ে রমজানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে তাঁকে ঢাকার শ্যামলীর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

দৈনিক টার্গেট 


























