আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের চার বছরের পথচলা ছিল পড়াশোনা, পরিশ্রম ও বিচিত্র অভিজ্ঞতায় ভরা। সংবিধান, দণ্ডবিধি, দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, চুক্তি আইনসহ নানা জটিল বিষয় আয়ত্ত করতে হয়েছে তাঁদের। ছিল মামলার নজির বিশ্লেষণ, উপস্থাপনা, মৌখিক পরীক্ষা, পরীক্ষার প্রস্তুতি। কখনো নির্ঘুম রাত, কখনো বন্ধুর নোট ভাগাভাগি করে পড়া। এমন ছোট ছোট মুহূর্তেই দৃঢ় হয়েছে ব্যাচের বন্ধন।
ব্যাচের ছেলে শ্রেণিপ্রতিনিধি তানভীর হক বলেন, ‘এই ব্যাচের প্রতিটি মানুষ আলাদা একেকটি গল্প। সবার কাছ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, সেটিই আমার সবচেয়ে বড় অর্জন। চাই, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েও আমাদের বন্ধন অটুট থাকুক।’
মেয়ে শ্রেণিপ্রতিনিধি তিথির কণ্ঠেও বিদায়ের সুর। তিনি বলেন, ‘চেনা মানুষগুলোকে আর প্রতিদিন একই শ্রেণিকক্ষে দেখতে পাব না। সবাই নিজ নিজ গন্তব্যে ছড়িয়ে পড়বে। তবে চার বছরের স্মৃতি কখনো মুছে যাবে না।’
শিক্ষার্থী সাকিবুল ইসলামের কথায়, ‘যে সহপাঠী একসময় বেঞ্চের সঙ্গী ছিল, সে-ই হয়ে ওঠে বিপদের দিনের নির্ভরতার জায়গা।’
চার বছরের চেনা অধ্যায় পেছনে ফেলে এবার নতুন জীবনের পথে হাঁটবেন তাঁরা। কারও গন্তব্য আদালত, কারও বিচারকের এজলাস। কেউ বেছে নেবেন আইন পেশার অন্য কোনো ক্ষেত্র। সময়ের স্রোতে পথ আলাদা হবে, বদলে যাবে পরিচিত দিনযাপন। তবু স্মৃতির ঠিকানা থেকে যাবে একই জায়গায়।

দৈনিক টার্গেট 
























